নামটা রানী হলেও কপালটা রানির নয়
উত্তরের শীত এবার জেঁকে বসেছে। বিপর্যস্ত করে দিচ্ছে জনজীবন। এর মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে থালাবাসন মাজছিল রানী (১৩)। ১০টা বাজতে তখনো কয়েক মিনিট বাকি। একটু পরই স্কুলে ক্লাস শুরু। ধোয়ামোছার কাজ শেষ করে স্কুলে পৌঁছাতে সেই রোজকার দেরি। নিঃশব্দে ক্লাসের শেষ বেঞ্চে গিয়ে বসে সে। দেরির জন্য শিক্ষকেরা বকুনি দেন না। কারণ, মা–বাবা হারা মেয়েটির প্রতিদিনের সংগ্রাম সম্পর্কে তাঁরা জানেন।
রানী নীলফামারীর সৈয়দপুরের বাঁশবাড়ি মহল্লার ফুলবাগানে প্রতিষ্ঠিত ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে। তার গল্প অন্য কিশোরীদের জীবনের চেয়ে অনেকটাই অন্য রকম। ২০০৮ সালের ১৪ আগস্ট জন্ম হয়েছিল রানীর। সৈয়দপুর পৌর শহরের হাওলাদারপাড়ার এক কুঁড়েঘরে তার জন্মের পরপরই মারা যান রানীর মা। বাবার কোনো স্নেহ সে পায়নি। স্বজনদের কোলে ঠাঁই হয় রানীর। অবহেলা আর অনাদরে বেড়ে ওঠা রানীর আশ্রয় মেলে বাঁশবাড়ি মহল্লার মেহেরুন্নেছা নামের এক নারীর ঘরে। রানীর পালক মা মেহেরুন্নেছার স্বামীও অনেক আগে মারা যান। এতিম দুই ছেলেকে নিয়ে কোনোভাবে যাচ্ছিল তাঁর দিন। সেখানেই বড় হচ্ছিল রানী।
এক কুঁড়েঘরে তার জন্মের পরপরই মারা যান রানীর মা। বাবার কোনো স্নেহ সে পায়নি। স্বজনদের কোলে ঠাঁই হয় রানীর। অবহেলা আর অনাদরে বেড়ে ওঠা রানীর আশ্রয় মেলে বাঁশবাড়ি মহল্লার মেহেরুন্নেছা নামের এক নারীর ঘরে।
আট বছর বয়সে মেহেরুন্নেছার সংসারের ঝাড়পোঁছ আর থালাবাসান ধোয়ার দায়িত্ব এসে পড়ে রানীর কাঁধে। যে আদর আর ভালোবাসার আশ্বাস দেখিয়ে রানীকে ঘরে এনেছিলেন মেহেরুন্নেছা, তা আর মিলছিল না রানীর কপালে। কাজ এদিক-ওদিক হলে গালাগালি আর শারীরিক নির্যাতন। এসব দেখে একই শহরের আরেক নারী পারভীন আক্তার কাজের জন্য রানীকে নেন। এ জন্য মেহেরুন্নেছা হাতে পেতেন ৮০০ টাকা। পড়াশোনার প্রতি রানীর আগ্রহের বিষয়টি পারভীনের নজরে পড়ে। ঘরের কাজের পরে রানী যেন পড়তে পারে, সে জন্য তাকে শহরের সেন্ট জেরোজা স্কুলে বিনা মূল্যে পাঠদানের শিফটে প্রথম শ্রেণিতে ভর্তি করিয়ে দেন তিনি। সেখানে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ে রানী। ২০১৯ সালে সৈয়দপুর শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি হয় সে। ভালো ফল করে পঞ্চম শ্রেণি পাস করে সে। পরে তাকে সৈয়দপুরে পরিচালিত ঢাকা আহসানিয়া মিশনের একটি স্কুলে ভর্তি করিয়ে দেন তিনি। রানী এখন সেখানে সপ্তম শ্রেণিতে পড়ছে।
মাকে কখনো দেখিনি। মায়ের নামও জানি না। প্রায় পাঁচ বছর আগে বাবাকে দেখেছিলাম। বাবার মুখটা আবছা-আবছা মনে পড়ে। তিনি আমার খোঁজ নেন না।
রানী বলছিল, ‘মাকে কখনো দেখিনি। মায়ের নামও জানি না। শুনেছি, দেখতে অনেক সুন্দর হওয়ায় মাকে সবাই সুন্দরী বলে ডাকত। মায়ের কোনো ছবি নেই আমার কাছে। প্রায় পাঁচ বছর আগে বাবাকে দেখেছিলাম। বাবার মুখটা আবছা-আবছা মনে পড়ে। তিনি আমার খোঁজ নেন না। শুনেছি, মায়ের মৃত্যুর পর বাবা আরেকটি বিয়ে করেছেন। আমার একটা আপন ভাই আছে। ভাইকে আমি চোখে দেখিনি, তার নামও জানি না। সে–ও আমার খোঁজ নেয় না। আমার একটা বোনও আছে। সে শহরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। রাস্তায় দেখা হলে সেও ঠিকমতো কথা বলে না আমার সঙ্গে।’
একই শহরে থেকেও নিজের পরিবার–প্রিয়জন থেকে দূরে দূরে থাকার বেদনা তাড়িয়ে বেড়ায় রানীকে। সে বলল, ‘আমার সহপাঠীদের বাবা-মা-ভাইবোন আছে। তারা সবাই একসঙ্গে থাকে। আমার আপনজন থেকেও নাই। যখন একা থাকি, তখন খুব কষ্ট হয়। এখানে লেখাপড়ার জন্য বই, খাতা, কলম, পেনসিল—সব ফ্রিতে দেওয়া হয়। বেতনও দিতে হয় না। আমি আন্টির (পারভীন আক্তার) বাড়িতে সকালে ঘর ঝাড় দেই, থালাবাসন ধুই। তারপর স্কুলে আসি। স্কুল থেকে আবার আন্টির বাড়িতে যাই। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের কাজ করি। রাতের খাবার নিয়ে পালক মায়ের বাড়িতে যাই। সেই খাবার মা-মেয়ে ভাগ করে খাই।’
মেহেরুন্নেছা প্রথম আলোকে বলেন, ‘রানীকে ছোটকাল থেকে নিজের সন্তানের মতো করেই লালন–পালন করে আসছি। সে বড় হোক।’
রানী লেখাপড়া চালিয়ে যেতে চায়। পড়াশোনা শেষ করে চাকরি করতে চায়। বড় হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে তার। একটু সুযোগ, একটু যত্ন আর একটু ভালোবাসা রানীর জীবনটা বদলে দিতে পারে!