নামের বিভ্রাটে এক ‘মাস্টার’ যুবদল ও আ.লীগের পদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে পদ পাওয়া যুবদলের নেতা আবু সুফিয়ান মাস্টার।
ছবি: সংগৃহীত

দুজনেরই নামের শেষে ‘মাস্টার’ আছে। একজন আবু সুফিয়ান মাস্টার, অন্যজন শফি উল্যাহ মাস্টার। সুফিয়ান ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সহসভাপতি পদেও তাঁর নাম আছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক না হলেও এলাকায় তিনি পরিচিত ‘সুফিয়ান মাস্টার’ নামে।

আবু সুফিয়ানের দুই সংগঠনের কমিটিতে পদ পাওয়া নিয়ে উভয় দলের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ফেসবুকে নানা মন্তব্য করেছেন তাঁরা।

আওয়ামী লীগের কমিটিতে নিজের নাম দেখে হতাশ হওয়ার কথা জানিয়েছেন সুফিয়ান মাস্টার। আর শফি উল্যাহ মাস্টারের নাম লিখতে গিয়ে কম্পিউটারে টাইপিংয়ে ভুলবশত সুফিয়ান মাস্টারের নাম লেখা হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ ও যুবদল সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক খন্দকার নাছির উদ্দিন ৪২ সদস্যবিশিষ্ট সোনাগাজী উপজেলা যুবদলের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। ওই কমিটির ১ জন আহ্বায়ক, ১৫ জন যুগ্ম আহ্বায়ক, ১ জন সদস্যসচিব এবং বাকিরা সদস্য। ঘোষিত ওই কমিটির ৮ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম আছে আবু সুফিয়ান মাস্টারের।

অপর দিকে ২০ জুন উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সভাপতির পরে আবু সুফিয়ান মাস্টারকে ৭ নম্বর সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়। দলীয় প্যাডে স্বাক্ষর দিয়ে এ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহাম্মদ ও সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

এ নিয়ে আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কখনো আওয়ামী লীগের রাজনীতি করেননি। বর্তমানে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। হঠাৎ করে সদ্য ঘোষিত আওয়ামী লীগের কমিটিতে তাঁর নাম দেখে তিনি হতাশ হয়েছেন।

সুফিয়ান বলেন, দলীয় নেতা-কর্মীরা তাঁর কাছে বিষয়টি জানতে চাওয়ায় তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। পরে বিষয়টি জেলা-উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদের জানিয়েছেন। নেতা-কর্মীদের বিভ্রান্ত না হতে জেলা যুবদলের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা আছে।

তবে এ নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়া বলেছেন, জেলা যুবদল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি কোনো মন্তব্য করতে চান না।

সুফিয়ানের উপজেলা আওয়ামী লীগের কমিটিতে পদ পাওয়া নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের ৭ নম্বর সহসভাপতি হবেন শফি উল্যাহ মাস্টার। কম্পিউটারে ভুলবশত যুবদল নেতা আবু সুফিয়ান মাস্টারের নাম লেখা হয়েছে। তিনি এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ করেছেন। বিষয়টি তাঁরা গণমাধ্যমেও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সমাধান করছেন। জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নাম সংশোধন করা হচ্ছে।