নারাজির শুনানি আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপংকর চক্রবর্তী
দীপংকর চক্রবর্তী

সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যা মামলায় সিআইডির দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদনের শুনানি আবার পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম খন্দকার এ টি এম তোফায়েলের আদালতে এ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক অধিকতর তদন্তের জন্য আগামী ১৭ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, সিআইডির দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন শুনানির জন্য গতকাল ধার্য তারিখ ছিল। বিচারক বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য কিছুক্ষণ শোনেন। এরপর তিনি শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
২০১৩ সালের ১৩ জুলাই তৃতীয় দফা তদন্ত শেষে এ হত্যা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ওই প্রতিবেদনের বিরুদ্ধে মামলার বাদী ও নিহতের ছেলে পার্থ সারথি চক্রবর্তী নারাজি দেন।
বগুড়ার দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি দীপংকর ২০০৪ সালের ২ অক্টোবর রাতে পেশাগত কাজ শেষে বগুড়া শহর থেকে শেরপুর সদরের বাসায় ফেরার পথে নৃশংসভাবে খুন হন। এ ঘটনায় পরদিন তাঁর বড় ছেলে পার্থ সারথি চক্রবর্তী থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ এক দশকেও দীপংকর হত্যার বিচার না হওয়ায় বগুড়ার সাংবাদিকেরা চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। গতকাল বগুড়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক সমাবেশ থেকে তাঁরা খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
শহরের সাতমাথায় অনুষ্ঠিত এ সমাবেশে বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ এইচ এম আখতারুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, দৈনিক করতোয়ার সহকারী সম্পাদক যাহেদুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাংবাদিক জে এম রউফ, আমজাদ হোসেন, তানসেন আলম প্রমুখ।
এর আগে মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক দম্পতি সাগর-রুনি, শামসুর রহমানসহ দেশের সব সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
শেরপুরে প্রতিবাদ: থানা পুলিশ ও সিআইডির তদন্তকারী কর্মকর্তাদের লুকোচুরির কারণে মামলাটি মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ শেরপুরের মানুষের। তাঁরা এ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন।
গতকাল সাংবাদিক দীপংকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরের বাসস্ট্যান্ড এলাকায় শেরপুর প্রেসক্লাব আয়োজিত এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ও থানা বিএনপির আহ্বায়ক জানে আলম, শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাংবাদিক দীপংকরের ছোট ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী, অধ্যক্ষ বেলাল হোসেন প্রমুখ।
সভা শেষে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।