নারায়ণগঞ্জে ৮ লাখ টাকাসহ ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে আট লাখ টাকাসহ শহিদুল ইসলাম ওরফে বকুল (৩৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় গতকাল সোমবার ওই ব্যবসায়ীর ভাই জহিরুল ইসলাম মোল্লা বাদী হয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 
শহিদুল ইসলাম মিশনপাড়া এলাকার বাসিন্দা। তিনি রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার সাইফুদ্দিন মোল্লার ছেলে। তিনি রূপচাঁদা সয়াবিন তেলের কারখানার ঠিকাদার এবং জমি কেনাবেচার ব্যবসা করেন।
জহিরুল ইসলাম মোল্লা জানান, রোববার সকালে শহিদুল ইসলাম শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সড়কের যমুনা ব্যাংক থেকে আট লাখ টাকা তোলার পর পূবালী ব্যাংক টানবাজার শাখায় যাওয়ার পথে নিখোঁজ হন। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে। নিখোঁজের সময় শহিদুল ইসলামের পরনে ছিল চেক শার্ট ও কালো প্যান্ট।
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, ‘ব্যবসায়ীর মোবাইল ফোন ট্র্যাকিং করে অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তবে গতকাল সোমবার রাত নয়টা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।’