নারায়ণগঞ্জে নৌপরিবহন প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে ত্রিমাত্রিক পরিবহনব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের মধ্যে যাতায়াত নিরাপদ করতে সরকার ত্রিমাত্রিক পরিবহনব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগে শুধু নৌপথে মুন্সিগঞ্জ যাওয়া যেত। এখন সড়কপথে যাওয়া হচ্ছে। রেলপথও যুক্ত হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এর আগে তিনি মাহমুদনগরে অবস্থিত কর্ণফুলী শিপ বিল্ডার্সে বিআইডব্লিউটিএর জন্য চারটি ‘কাটার সাকশান ড্রেজার’ এবং মোংলা বন্দরের জন্য একটি ‘বয়া লিফটিং জাহাজ’ নির্মাণকাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষায় ও সব ধরনের নৌযান তৈরিতে সক্ষমতা অর্জন করেছে মন্তব্য করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপথকে নিরাপদ রাখতে বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন ও আকাশপথ নিরাপদ রাখতে বিমানবাহিনীতে মিগ-২৯ যুদ্ধবিমান যুক্ত করা হয়েছে। অথচ জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে বঙ্গবন্ধুর পরিবার নিয়ে অপপ্রচার চালানো ছাড়া তাঁরা দেশকে কিছুই দিতে পারেননি। প্রতিমন্ত্রী বলেন, ‘ইউরোপে চাল-তেলের দাম অনেক বেড়েছে। অথচ আমাদের দেশে এ নিয়ে হরতাল হয়েছে।’
২০ মার্চ শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজ রূপসী-৯–এর ধাক্কায় নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চ এমএল আফসারউদ্দিন ডুবে ১০ জনের মৃত্যু হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘পুরাতন লঞ্চ চলাচলের জন্য নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌরুট নিরাপদ নয়। তাই ধারাবাহিকভাবে পুরাতন সব লঞ্চ তুলে নেওয়া হবে। যাঁরা জলযানগুলো পরিচালনা করেন এবং এটার সঙ্গে যুক্ত আছেন, আমরা তাঁদের সঙ্গে আলাপ করছি, নীতিমালা মেনে চলার জন্য তাঁদের বারবার তাগিদ দিচ্ছি। আমাদের পরামর্শগুলো মেনে না চলার কারণে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘অবহেলার কারণে আর কোনো দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটুক, এটা আমরা চাই না। শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনার পর ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বড় লঞ্চ চলাচলের ব্যবস্থা করেছি। এ রুটে সি–ট্রাকও চালু করেছি।’
ব্যবস্থাপনায় অসচেতনতার অভাবে বাংলাদেশের নদীগুলো ক্ষীণ হয়ে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সব নদীর প্রবাহ ঠিক রাখতে কাজ করছি। গত ৪০ বছরের জঞ্জাল কাঁধে নিয়ে আমরা দেশ পরিচালনা করছি। নদী রক্ষায় প্রধানমন্ত্রী ডেলটা প্ল্যান করেছেন। সরকার বসে নেই, নৌপথের উন্নয়নে কাজ করছেন।’
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক ও কর্ণফুলী শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ বক্তব্য দেন।