নারায়ণগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ
রায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অ্যাপোলো নামের একটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজন ওয়ার্ড বয় দগ্ধ হয়েছেন। আজ বুধবার বেলা আড়াইটার দিকে ক্লিনিকের পর্যবেক্ষণকক্ষে (অবজারভেশন) বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন বরিশালের মো. রাজীব (২৭) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মো. হৃদয় (২০)। তাঁদের মধ্যে রাজীবের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের নার্সরা বলেন, দুপুরে ক্লিনিকের অস্ত্রোপচারকক্ষে এক প্রসূতির অস্ত্রোপচার শেষে তাঁকে পর্যবেক্ষণকক্ষে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এ জন্য দুই ওয়ার্ড বয় রাজীব ও হৃদয় পর্যবেক্ষণকক্ষ প্রস্তুত করার কাজ করছিলেন। একপর্যায়ে কক্ষের ভেতরে বিকট শব্দ হলে কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গিয়ে দেখতে পান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই ওয়ার্ড বয়ের শরীর পুড়ে গেছে। পরে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা এসে দগ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন। সিলিন্ডার বিস্ফোরণে রাজীবের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তবে দগ্ধ রাজীবের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এদিকে ভবনের ওঠানামার সিঁড়ি প্রয়োজনের তুলনায় অনেক সরু হওয়ায় দগ্ধ রাজীবকে স্ট্রেচারে করে নিচে নামাতে খুবই বেগ পেতে হয়।
এ ঘটনার পর ক্লিনিকের চতুর্থ তলার ৪১০ নম্বরের ওই পর্যবেক্ষণকক্ষ থেকে বিস্ফোরণ হওয়া অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় আলামত দ্রুত সরিয়ে ফেলা হয়। মালিকপক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি।
ক্লিনিকের ব্যবস্থাপক আফজাল হোসেন দাবি করেন, পর্যবেক্ষণকক্ষে সিলিন্ডারের সঙ্গে মিটার সংযুক্ত করার সময় বিস্ফোরণ হয়ে ওয়ার্ড বয় রাজীব ও হৃদয় দগ্ধ হন। ক্লিনিকে কর্মরত লোকজন দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেন। তবে ভেতরে কোনো রোগী ছিল না। রাজীবের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং হৃদয়কে এই ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই দগ্ধ দুই ওয়ার্ড বয়ের পরিবারকে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান প্রথম আলোকে জানান, কেউ কোনো অভিযোগ দেননি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।