কঠোর বিধিনিষেধ শিথিল করার প্রথম দিনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী চলছে অর্ধেক গণপরিবহন। গণপরিবহন কম চললেও যাত্রীসংখ্যা বাড়েনি। অর্ধেকের কম যাত্রী নিয়ে গণপরিবহনগুলো চলেছে।
এ বিষয়ে কয়েকজন পরিবহনশ্রমিক বলেন, প্রথম দিন হওয়ায় অনেকেই বাড়ি থেকে বের হননি। আবার অনেকে বিকল্প পথে যাতায়াত করায় যাত্রীসংখ্যা কম ছিল। যাত্রী কম থাকায় সড়কে যানবাহনের সংখ্যা কম ছিল।
শহরের চাষাঢ়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বিভিন্ন পরিবহনের কাউন্টার রয়েছে। এসব কাউন্টার থেকে রাজধানীর ঢাকার উদ্দেশে গণপরিবহনে যাত্রীরা যাতায়াত করেন। করোনভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে টানা ১৫ দিন কঠোর বিধিনিষেধের পর বুধবার থেকে অর্ধেক গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী এই রুটে গণপরিবহন চলাচল শুরু করেছে। তবে অর্ধেক গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত হলেও প্রশাসনের কাউকে তা তদারক করতে দেখা যায়নি। বাস কাউন্টারগুলোতে যাত্রীসংখ্যা কম দেখা গেছে।
ঢাকাগামী যাত্রী হোসিয়ারি ব্যবসায়ী সোহেল খান বলেন, কঠোর বিধিনিষেধ শিথিল করার পর কম ভাড়ায় ঢাকায় যেতে পারছেন। গাড়িও প্রচুর। কঠোর বিধিনিষেধ চলাকালে তিন–চার গুণ বেশি ভাড়ায় যাতায়াত করতে হয়েছে।
ধানমন্ডির সোবহানবাগ যাবেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা লোকমান আহমেদ। তিনি শীতল পরিবহনের একটি এসি বাসে ৫৫ টাকার টিকিট কেটে ওঠেন। তিনি বলেন, গণপরিবহন চালু করলেও যাত্রী কম থাকায় তাঁরা ফাঁকা হয়ে বসতে পারছেন।
শীতল পরিবহনের এসি বাস সার্ভিসের ব্যবস্থাপক ফেরদৌস মাহমুদ প্রথম আলোকে বলেন, তাঁদের মোট ৩০টি বাসের মধ্যে ১৪টি চলছে। যাত্রীসংখ্যা অন্যান্য সময়ের থেকে অর্ধেক। যাত্রী কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, করোনার ভয়ে অনেকে বাড়ি থেকে বের হচ্ছেন না। এ কারণে হয়তো যাত্রীসংখ্যা কম। মাস্ক ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে উঠতে দেওয়া হচ্ছে না।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির ২১টি এসি বাসের মধ্যে ১৪টি চলছে। বাস কাউন্টার মাস্টার সাইফুল্লাহ বলেন, সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত মোট ১১১টি টিকিট বিক্রি হয়েছে। কঠোর বিধিনিষেধ শিথিলের প্রথম দিন বলে যাত্রীসংখ্যা কম।
বিআরটিসির নন–এসি ৩০টির মধ্যে ১৪টি বাস চলছে। নন–এসি কাউন্টারম্যান আবু বাসার বলেন, বেলা সোয়া দুইটার দিকে ৭৫টি সিটের দোতলা একটি গাড়ি ২২ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। প্রথম দিন যাত্রী কম হলেও পরে যাত্রীসংখ্যা বাড়বে বলে তিনি আশা করছেন।
একই অবস্থা নন–এসি উৎসব, বন্ধন, হিমাচলসহ বিভিন্ন গণপরিবহনের বাসগুলোর। এ বিষয়ে হিমাচল পরিবহনের কাউন্টার মাস্টার বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রতিদিন ২২টি গাড়ি চলাচল করত। কিন্তু কঠোর বিধিনিষেধ শিথিল করার প্রথম দিন তাঁদের ১৩টি গাড়ি চলাচল করছে। প্রতিটি বাসে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালেহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গাড়ি চলাচল করছে। তবে গাড়িসংখ্যা কম। কেন কম জানতে চাইলে তিনি বলেন, যাত্রীসংখ্যা কম হওয়ায় গাড়ি কম চলাচল করছে। গাড়ি অর্ধেক চলাচলের বিষয়ে তিনি বলেন, ট্রাফিক পুলিশ ও ভ্রাম্যমাণ দল বিষয়টি তদারক করছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল করলেও সেগুলোতে যাত্রীসংখ্যা মোটামুটি ছিল।