নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ৯টি ঝুটের গুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে ঝুটের গুদামের মালামাল পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আবাসিক এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ৯টি গুদাম পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের পশ্চিমে দক্ষিণ সস্তাপুর আবাসিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঝুটের গুদামের মালামাল পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ওই এলাকার টিনের তৈরি একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে পৌঁনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের টিনের গুদামে থাকা সব ঝুট কাপড় পুড়ে গেছে। আগুনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যানজটেরও সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা সাতজন মিলে এখানে টিনের তৈরি ঘরগুলোয় ঝুট কাপড়ের ব্যবসা করতেন। অগ্নিকাণ্ডে সব মালামাল পুড়ে গেছে। প্রায় কোটি টাকার মালামাল পুড়েছে বলে দাবি করেন তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আবাসিক এলাকা থেকে ঝুটের গুদামগুলো সরিয়ে নেওয়া উচিত। যেভাবে আগুন লেগেছে, তাতে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন প্রথম আলোকে জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।