নারায়ণগঞ্জে কম পরীক্ষায় শনাক্ত বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৬ জনের। এর আগে শুক্রবার ২৪৩ জনের মধ্যে ১০৯ জন করোনা পজিটিভ হন। অর্থাৎ শনাক্তের হার ৫০ শতাংশের কাছাকাছি। গত কয়েক দিনে নমুনা পরীক্ষা অল্প হলেও করোনা রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, নারায়ণগঞ্জে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৫২২ জনের। করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ২৪৫ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। মৃত্যু হয়েছে ২২৩ জনের। সাম্প্রতিক সময়ে যাঁরা করোনা শনাক্ত হচ্ছেন, তাঁদের ৮০ শতাংশই ডেলটা ধরনে সংক্রমিত।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও শহর শিল্প-অধ্যুষিত ও ঘনবসতিপূর্ণ এলাকা। পোশাকসহ বিভিন্ন ধরনের শিল্পকারখানায় ১২ লাখের বেশি শ্রমিক কাজ করেন। গত বছর করোনা সংক্রমণের শুরুতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। নতুন করে উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লকডাউন দেওয়া হলেও লোকজন স্বাস্থ্য সচেতনতায় উদাসীন। লোকজন স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছেন। অনেকে মাস্ক ব্যবহার করছেন না।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে জানান, সংক্রমণ বাড়ছে। এতে উদ্বেগ ও আশঙ্কা রয়েছে। এভাবে প্রতিদিন সংক্রমণ বাড়তে থাকলে পরিস্থিতি উদ্বেগজনক হবে। তিনি আরও বলেন, ‘আমাদের ৩০০ শয্যার করোনা হাসপাতালে ১০টি আইসিইউ বেডের মধ্যে ৮টিতেই রোগী ভর্তি। আইসিইউ সাপোর্ট দরকার, এমন রোগীর সংখ্যা আরও বেড়ে গেলে সংকটে পড়ে যেতে হবে।’

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত তিন রোগীর মধ্যে দুজন ছিলেন নারায়ণগঞ্জের। ৩০ মার্চ করোনায় সংক্রমিত হয়ে জেলায় এক নারীর মৃত্যু হয়। এরপর ৭ এপ্রিল করোনা সংক্রমণের ক্ষেত্রে নারায়ণগঞ্জকে অতি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছিল আইইডিসিআর। ওই সময়ে জেলায় করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। পরে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়। তবে সাম্প্রতিক সময়ে সংক্রমণের হার বাড়তে থাকায় উদ্বেগ শুরু হয়েছে।

এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহ যাবৎ করোনার সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী। এটি অবশ্যই উদ্বেগজনক। কী করলে সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, সেটি নিয়ে আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে মিলে কাজ করছি।’ তিনি বলেন, কঠোর লকডাউন নিশ্চিত করতে জেলা প্রশাসনের ২০টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ও গাদাগাদি এড়াতে শহরের পাইকারি বাজার সরিয়ে বড় সড়কে স্থানান্তর করা হয়েছে। লকডাউন নিশ্চিতসহ সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।