নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ ৭ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের নিয়ে এ জেলায় কোভিডে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৭ হাজার ৪। এখানে এ রোগে এ পর্যন্ত ২ জন চিকিৎসকসহ ১৪৫ জন মারা গেছেন।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১৫ জন করোনা পজিটিভ হয়েছেন।

শীতকালে ঠান্ডাজনিত রোগ বাড়বে। এর সঙ্গে করোনা যুক্ত হলে জটিল অবস্থার সৃষ্টি হতে পারে। তাই করোনা থেকে বাঁচতে হলে মাস্ক পড়ার বিকল্প নেই।
জাহিদুল ইসলাম, জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন, নারায়ণগঞ্জ

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় সংক্রমিত তিন রোগী শনাক্ত হন। তাঁদের মধ্যে দুজন নারায়ণগঞ্জের। ৩০ মার্চ এ ভাইরাসে সংক্রমিত হয়ে এক নারীর মৃত্যু হয়। ৭ এপ্রিল করোনায় সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে অতিঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ৮ এপ্রিল এ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করেছিল সরকার।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন জাহিদুল ইসলাম আরও বলেন, সামনে শীত আসছে। শীতকালে ঠান্ডাজনিত রোগ বাড়বে। এর সঙ্গে করোনা যুক্ত হলে জটিল অবস্থার সৃষ্টি হতে পারে। তাই করোনা থেকে বাঁচতে হলে মাস্ক পড়ার বিকল্প নেই।