নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্ত হয়ে দুই চিকিৎসকসহ মোট ১২৩ জনের মৃত্যু হলো। 

জেলায় নতুন করে করোনা সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৮। আজ শুক্রবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানান, জেলায় সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায়। সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮৭ জনের। এর মধ্যে ২৩ জনের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫২২ জনের। এর মধ্যে ৫ হাজার ৬৯৮ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। আক্রান্তের পর আইসোলেশনে থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে সিটি এলাকায় রয়েছেন ৪ জন, সদর উপজেলায় ৩ জন, বন্দর উপজেলায় ২ জন ও আড়াইহাজারে ২ জন, রূপগঞ্জ উপজেলায় ১০ জন ও সোনারগাঁয়ে ২ জন রয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম কোভিডের তিন রোগী শনাক্ত হন, যাঁদের দুজনই ছিলেন নারায়ণগঞ্জের। ৩০ মার্চ জেলায় করোনায় এক নারীর মৃত্যু হয়। গত ৭ এপ্রিল করোনা সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ জেলা হিসেবে চিহ্নিত করে সরকারের রোগতত্ত্ব , রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।