নারায়ণগঞ্জে করোনায় আরেকজনের মৃত্যু, শনাক্ত ১৭

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ চিকিৎসকসহ ১২৬ জনের মৃত্যু হলো। এদিকে জেলায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮০। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, করোনায় আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে ৭৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকায়। গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৭ জনের। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৭ জনের। তবে গত ২৪ ঘণ্টায় বন্দর ও সোনারগাঁয়ের ২২ জনের নমুনা সংগ্রহ করা হলেও সেখানে কারও করোনা পজিটিভ পাওয়া যায়নি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৩০০ শয্যা হাসপাতালে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫২ জনের। এর মধ্যে রিপোর্ট করোনা পজিটিভ এসেছে ১১ জনের। সদর উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৫৫ জনের, পজিটিভ হয়েছেন ২ জন। বন্দর উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ জনের, কারও করোনা পজিটিভ পাওয়া যায়নি। আড়াইহাজারে নমুনা সংগ্রহ হয়েছে ৩ জনের, করোনা পজিটিভ এসেছে ১ জনের। রূপগঞ্জে নমুনা সংগ্রহ হয়েছে ৬৫ জনের, করোনা পজিটিভ হয়েছেন ৩ জন। সোনারগাঁ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ জনের, এখানেও কারও করোনা পজিটিভ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, দেশে করোনা চলমান পরিস্থিতিতে গত ৮ মার্চ দেশের প্রথম করোনা রোগী শনাক্ত তিনজনের দুজনই ছিলেন নারায়ণগঞ্জের। ৩০ মার্চ জেলায় প্রথম করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়। গত ৭ এপ্রিল করোনা সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে অতি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। গত ৮ এপ্রিল পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছিল সরকার।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুই চিকিৎসক, একজন স্টাফ নার্স, জেলা প্রশাসনের এক কর্মচারীসহ ১২৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলামসহ ২৪ চিকিৎসক, চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৫ হাজার ৮৮০ জন। জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৮৯২ জনের। এর মধ্যে আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৯৫ জন।