নারায়ণগঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় ট্রাকের চাপায় রিকশা আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। তাঁদের লাশ ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের জেলা পরিষদের ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে আলতাফ হোসেন (৪৫) ও তাঁর মেয়ে বেলী আক্তার (১৫)।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, বেলা দেড়টার দিকে ব্যাটারিাচালিত অটোরিকশাযোগে আলতাফ হোসেন তাঁর মেয়ে বেলীকে নিয়ে সোনারগাঁ যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক তাঁদের বহনকারী রিকশাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। রিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের নিচ থেকে তাঁদের লাশ উদ্ধার করে।
এসআই জাহাঙ্গীর আলম আরও জানান, আলতাফ হোসেনের প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হলে তিনি দ্বিতীয় বিয়ে করে সোনারগাঁয়ের সম্ভুপুরায় থাকতেন। প্রথম স্ত্রীর ঘরের কন্যা বেলী আক্তার। বেলী আমেরিকায় তার খালার কাছে থাকত। ৩ ডিসেম্বর আমেরিকা থেকে দেশে ফিরে আসে। আলতাফ তাঁর মেয়েকে নিয়ে খালার বাড়ি থেকে সোনারগাঁয়ের একটি দাওয়াতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে দ্রুতগামী ট্রাক রিকশাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। বেলী আক্তারের মা সিদ্দিকী আক্তার নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দায়ী ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা এসে লাশ শনাক্ত করেছেন।