নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় আহত সাংবাদিক শফিকুলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক শফিকুল ইসলামের স্বজনদের আহাজারি। মঙ্গলবার সকালে ফতুল্লার উত্তর ইসদাইর এলাকায়
ছবি: দিনার মাহমুদ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকের চাপায় আহত সাংবাদিক শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে পঞ্চবটি এলাকায় ট্রাকচাপায় গুরুতর আহত হন শফিকুল।

শফিকুল ইসলাম বেসরকারি চ্যানেল এস টিভির ফতুল্লা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ফটো নারায়ণগঞ্জ অনলাইন’ নামের একটি পোর্টালের নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইরের গাবতলী খানকা এলাকার আমির হোসেনের ছেলে। তাঁর স্ত্রী ও দুই বছরের একটি ছেলে রয়েছে।

শফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

শফিকুল ইসলামের পারিবারিক সূত্রে জানা যায়, পেশাগত কাজ শেষে ফতুল্লা থেকে মোটরসাইকেল চালিয়ে গাবতলীর বাড়িতে আসছিলেন শফিকুল। রাত সাড়ে ১১টার দিকে পঞ্চবটি এলাকায় একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে চাপা দিলে তিনি মাথায় ও হাতে গুরুতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, আজ সকালে শফিকুল ইসলামের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে শনাক্তকরণের চেষ্টা চলছে।