নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর হোসেন (১৯) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার জাপা ইদ্রাকপুর এলাকার মৃত রাজু মিয়ার ছেলে। তিনি সরকারি তোলারাম কলেজে একাদশ শ্রেণিতে মানবিক শাখায় পড়তেন।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান প্রথম আলোকে জানান, ফতুল্লা থেকে ট্রেনের দরজায় ঝুলে আসার পথে চাষাঢ়া এলাকায় ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিহত ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো কিংবা স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার গয়েশ্বর মল্লিক প্রথম আলোকে বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে ওই কলেজছাত্র আসছিলেন। তিনি ট্রেনের দরজায় ঝুলে ছিলেন। চাষাঢ়া এলাকায় এলে ট্রেন থেকে নিচে পড়ে লাইনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি জানান, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ আছে। ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।