নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি চারতলা ভবনের নিচতলায় ডাইং বয়লার বিস্ফোরণে শরীফ মিয়া (৪৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা মডেল থানার সামনে কাছে আজাদ ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত শরীফ চট্টগ্রামের মীরসরাইয়ের জোয়ালগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১০টার দিকে আজাদ ডাইংয়ের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলে কারখানা কর্তৃপক্ষ জানায়, তারা আগুন নিভিয়ে ফেলেছে। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা চলে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ খবর পেয়ে ওই কারখানার ভেতর থেকে সাদা পাউডার ও কাপড় দিয়ে প্যাঁচানো অবস্থায় এক শ্রমিকের লাশ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান প্রথম আলোকে বলেন, ডাইং কারখানার বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কারখানায় গিয়ে মালিক বা শ্রমিক কাউকেই কারখানায় পায়নি। কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।