নারায়ণগঞ্জে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় সৈয়দ সিফাত আল রহমান নামের এক সাংবাদিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ভোরে শহরের আল্লামা ইকবাল সড়কের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা-পুলিশ। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীরের আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান প্রথম আলোকে বলেন, আইসিটি আইনে এ মামলা দায়ের হয়েছিল নারায়ণগঞ্জ সদর মডেল থানায়।

সৈয়দ সিফাত আল রহমান বেসরকারি আনন্দ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা টোয়েন্টি ফোর ডট কম-এর সম্পাদক ও প্রকাশক।

নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আলী রেজার দায়ের করা আইসিটি আইনের মামলায় আজ ভোরে তাঁকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ২০১৭ সালের ১৫ এপ্রিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা হয়। ওই মামলায় রাজধানীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাইবার ট্রাইব্যুনাল আদালত থেকে সৈয়দ সিফাত আল রহমানের বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাঁকে আজ ভোরে গ্রেপ্তার করে। তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীরের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় আসামি সৈয়দ সিফাত আল রহমানের পক্ষে কোনো আইনজীবী জামিনের জন্য আবেদনও করেননি।

সিফাতের ছোট ভাই সৈয়দ রিফাত আল রহমান সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আলী রেজার দায়ের করা আইসিটি আইনের মামলায় আজ ভোরে তাঁর ভাইকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।

মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আলী রেজা তাঁকে জড়িয়ে অর্থ কেলেঙ্কারির অভিযোগ তুলে সংবাদ প্রকাশের জের ধরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ২০১৭ সালের ১৫ এপ্রিল আইসিটি আইনের ৫৭ ধারায় তিনটি মামলা করেন। ওই তিন মামলায় যুগান্তর–এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ, নারায়ণগঞ্জ বার্তা টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক প্রকাশক সৈয়দ সিফাত আল রহমান, নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান এবং নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক ডান্ডি বার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদলকে আসামি করা হয়।

তবে এ মামলায় রাজু আহমেদ ও হাবিবুর রহমান জামিনে আছেন বলে নিশ্চিত করেছেন হাবিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ওই মামলায় ডিবি পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করলেও আবার পিবিআই তদন্ত করে তাঁদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে অভিযোগপত্র দাখিল করে।