নারায়ণগঞ্জে তিন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
শিক্ষানবিশ শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ও বেতনের দাবিতে আজ রোববার নারায়ণগঞ্জে তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরে মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকেরা ফিরে যান।
কারখানা তিনটি হলো—সদর উপজেলার কায়েমপুরের ফকির নিট গার্মেন্টস, দক্ষিণ সস্তাপুরে অবস্থিত এ্যাভলুম ফ্যাশন ডিজাইন ও সিদ্ধিরগঞ্জের মুনলাক্স অ্যাপারেলস গার্মেন্টস।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সদর উপজেলার ফতুল্লার কায়েমপুরে অবস্থিত রপ্তানিমুখী ফকির নিট গার্মেন্টস কারখানার শিক্ষানবিশ শ্রমিকদের বেতন দেওয়ার পর চাকরি থেকে ছাটাই করে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে ও চাকরি পুনর্বহালের দাবিতে ওই কারখানার পাঁচ শতাধিক শিক্ষানবিশ শ্রমিক শহরের চাষাড়া এলাকায় বিক্ষোভ করেন।
এদিকে দক্ষিণ সস্তাপুরে অবিস্থত এ্যাভলুম ফ্যাশন ডিজাইন পোশাক কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক লকডাউন ভেঙে বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, ফকির পোশাক কারখানার পাঁচ শতাধিক শিক্ষানবিশ শ্রমিকের বেতন পরিশোধ করে তাঁদের বিদায় দেয় কর্তৃপক্ষ। কিন্তু শ্রমিকেরা তা না মেনে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের কাজে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তাঁরা শান্ত হন। অন্যদিকে, এ্যাভলুম ফ্যাশন ডিজাইন পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। ১৬ এপ্রিল বেতন প্রদানের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।
অন্যদিকে আজ সকালে সিদ্ধিরগঞ্জে মুনলাক্স অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ ২৬ এপ্রিল বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল ইসলাম।