নারায়ণগঞ্জে ধর্ষণের মামলায় মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন
ধর্ষণের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে শুনানি শেষে অভিযোগটি গঠন করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুর জেলার কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। এরপর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ ধর্ষণের মামলায় অভিযোগ গঠনের আবেদন জানান।
রকিব উদ্দিন আহমেদ বলেন, গত ৩০ এপ্রিল মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ধর্ষণের মামলা করেন এক নারী। ওই মামলায় মামুনুল হককে আজ দুপুরে আদালতে হাজির করে অভিযোগ গঠনের আবেদন করা হয়। শুনানি শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। আদালত শুনানি শেষে আসামি মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালতের নির্ধারিত তারিখে সাক্ষ্য গ্রহণ করা হবে।
গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে একটি রিসোর্টের কক্ষে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয় ছাত্রলীগ-যুবলীগসহ এলাকাবাসী। সেখানে পুলিশ গিয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে। তখন খবর পেয়ে হেফাজতের কর্মী-সমর্থক ও মাদ্রাসার ছাত্ররা ওই রিসোর্টে হামলা চালিয়ে তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
ঘটনার ২৭ দিন পর ওই নারী সোনারগাঁ থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ওই নারী অভিযোগ করেন, গত ৩ এপ্রিল একটি রিসোর্টে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে ধর্ষণ করেন মামুনুল হক। এ ধরনের আশ্বাস দিয়ে দুই বছর ধরে তাঁকে ধর্ষণ করা হয়েছে। ১৮ এপ্রিল মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।