নারায়ণগঞ্জে নির্মাণাধীন অবৈধ ভবন ভেঙে দিল রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাজউকের অনুমোদন না নিয়ে অবৈধভাবে নির্মাণ করা তিনতলা একটি ভবন বৃহস্পতিবার বিকেলে ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন না নিয়ে অবৈধভাবে নির্মাণ করা একটি তিনতলা ভবন ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে নকশাবহির্ভূত ও অনুমোদনহীন ভবন নির্মাণ করায় এর মালিককে ইমারত আইনে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম বলেন, নগরের আল্লামা ইকবাল রোডে চাষাঢ়া রেললাইন–সংলগ্ন ৫৪ শতাংশ জমির ওপর রাজউকের নকশা ও অনুমোদন না নিয়ে ১২ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেন জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি। ইতিমধ্যে তিনতলা পর্যন্ত ছাদ ঢালাইয়ের কাজ হয়ে গেছে। বিষয়টি রাজউকের নজরে এলে ভবনমালিককে দুই দফা নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি এর জবাব না দিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখেন।

ওই জমির মালিকানা নিয়েও নানা জটিলতা আছে বলে জানান কামরুল ইসলাম। তিনি বলেন, অবৈধভাবে নির্মাণ করায় ও সরকারি বিধিনিষেধ অমান্য করায় ভবনটিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় দুই লাখ টাকা জরিমানা আদায়সহ ভবনটির বেশ কয়েকটি পিলার ও প্রতি তলার ছাদ ভেঙে দেওয়া হয়।