নারায়ণগঞ্জে পত্রিকার সম্পাদকের বাড়ির ফটকে বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে ‘দৈনিক খবরের পাতা’র সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমানের বাড়ির ফটকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাহবুবুর রহমান সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক। ত্বকী হত্যাকাণ্ডের পর থেকে বিচারের দাবিতে জোরালো বক্তব্য রেখে আসছেন সংগঠনের এ নেতা। তিনি নারায়ণগঞ্জ জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী।

শহরের আলম খান লেনে মাহবুবুর রহমানের বাড়ি। আজ শনিবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, রাত সাড়ে তিনটার দিকে তাঁর বাড়ির মূল ফটকের সামনে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। আতঙ্কে তাঁরা ভবনের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন। এ সময় বাড়ির সামনে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। বিস্ফোরণে মূল ফটকের টাইলসে ফাটল সৃষ্টি হয়েছে। পাঁচতলা ভবনের মূল ফটকের পাশে নিচতলায় তাঁর আইন পেশার চেম্বার এবং দোতলায় তিনি সপরিবার থাকেন।

মাহবুবুর রহমান আরও বলেন, পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখতে পান, তাঁর বাসার মূল ফটকের সামনে এক ব্যক্তি একটি ব্যাগ রেখে যান। এর ১০ মিনিট পর বোমা বিস্ফোরিত হয়।

মাহবুবুর রহমান অভিযোগ করেন, ‘একটি অপশক্তি, যাঁরা নারায়ণগঞ্জকে অশান্ত করতে চান, তাঁরাই ভয় দেখানোর জন্য এ ঘটনা ঘটিয়েছেন। আমরা যাঁরা ত্বকী হত্যাসহ বিভিন্ন হত্যার প্রতিবাদে অপশক্তির বিচারের দাবিতে আন্দোলন–সংগ্রাম করে আসছি, তাঁদের ভয় দেখানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। অপশক্তি যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, ত্বকী হত্যার আন্দোলন থেকে আমাদের পিছিয়ে রাখতে বা দমাতে পারবে না। সরকারপ্রধানকে আমরা বার্তা দিতে চাই, এ অপশক্তিকে আপনারা থামান। নারায়ণগঞ্জকে শান্ত করেন। না হলে এই অপশক্তি আরও ঘটনা ঘটাবে।’

এ বিষয়ে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরণে ধ্বংসাত্মক কিছু হয়নি। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘ভয় দেখানোর জন্যই এ বোমা রাখা হয়েছে এবং বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারা ঘটনা ঘটিয়েছেন, আমরা ভিডিও ফুটেজ দেখে তা নিশ্চিত না হলেও বুঝতে পারি। যাঁরা ভয় দেখাতে চান, এর আগে চেয়েছেন, তাঁরাই এ ঘটনা ঘটিয়েছেন। গত শুক্রবারের সমাবেশের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছি। দ্রুত এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’