নারায়ণগঞ্জে পুলিশের বাধায় যুবদলের মিছিল পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদী মিছিল। শনিবার বেলা ১১টায় শহরের মিশনপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জে পুলিশি বাধায় জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদী মিছিল পণ্ড হয়ে গেছে। আজ শনিবার বেলা ১১টায় শহরের চাষাঢ়া ও ডন চেম্বার এলাকায় পৃথক কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যুবদল নেতা আকবর আলী হত্যার প্রতিবাদে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল বের করেছিলেন যুবদলের নেতা–কর্মীরা। এ সময় নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়া এলাকায় জেলা যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। সংগঠনের সভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হওয়ার পর পুলিশ বাধা দেয়। তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নেওয়া হয়। এ সময় জেলা যুবদলের সহসভাপতি সালাউদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, রাসেল রানা, সহসাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে একই সময় খানপুর হাসপাতাল রোড এলাকায় মহানগর যুবদলের নেতা–কর্মীরা জড়ো হন। মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন ও সদস্যসচিব মনিরুল ইসলামের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি মেট্রো হলের মোড় ঘুরে ডন চেম্বার সড়কে এলে পুলিশ বাধা দেয় ও তাঁদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। এ সময় ব্যানার নিয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

মিছিলে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি গোলাম কিবরিয়া, মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাফি উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ জামান প্রথম আলোকে বলেন, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।