নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় তরুণীসহ দুজনের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে পৃথক দুটি ঘটনায় তরুণীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের নতুন আইল এলাকা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই তরুণীর নাম তানিয়া আক্তার (২২)। তিনি বরগুনার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। তবে তানিয়া তাঁর দুই বোনকে নিয়ে উপজেলার নতুন আইলপাড়া এলাকায় ভাড়া থেকে গৃহকর্মীর কাজ করতেন। পুলিশ জানায়, প্রায় চার বছর আগে তানিয়ার সঙ্গে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকে তানিয়া দুই বোনের সঙ্গে নতুন আইলপাড়া এলাকায় থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে জানান, তানিয়াকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তানিয়াকে স্থানীয় এক তরুণ উত্ত্যক্ত করতো বলে অভিযোগ পাওয়া গেছে। সবগুলো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে শহরের আমলাপাড়া এলাকা থেকে আবদুল কাদের (৩৩) নামের এক ফুল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা–পুলিশ। আবদুল কাদের তাঁর পরিবার নিয়ে শহরের খানপুর এলাকায় ভাড়া থাকতেন।
নিহত কাদেরের স্ত্রী শারমিন আক্তার স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তিনি জানান, গতকাল সকালে তিনি তাঁর স্বামীকে বাড়িতে রেখে কাজে চলে যান। বিকেলে আবদুল কাদের বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ১০টার দিকে শারমিনকে ফোন করে জানানো হয়, তাঁর স্বামীকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে তিনি তাঁর স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান প্রথম আলোকে বলেন, শহরের আমলাপাড়া এলাকার ছয়তলা ভবনের নিচ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবককে কেউ ভবনের ওপর থেকে ফেলে দিয়েছে, না ভবন থেকে পড়ে গেছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।