নারায়ণগঞ্জে পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আমান উল্লাহ আমান (২৫) নামের পোশাক কারখানার এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টায় দিকে পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমান উল্লাহ আমানের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি মাসদাইর পাকাপুল এলাকায় আবদুল আউয়ালের বাড়ির ভাড়াটে এবং ওই এলাকার একটি পোশাক কারখানার কর্মী।
স্থানীয় লোকজন বলেন, রক্তাক্ত অবস্থায় আমানকে পড়ে থাকতে দেখে কয়েকজন তাঁকে দ্রুত একটি ফার্মেসিতে নিয়ে যান। পরে সেখানে থেকে স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর আমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করা হচ্ছে।