নারায়ণগঞ্জে ল্যাবএইডকে নমুনা সংগ্রহ বন্ধ রাখার নির্দেশ

করোনাভাইরাসর (কোভিড-১৯) নমুনা পরীক্ষা করতে রোগীর সঙ্গে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগে ল্যাবএইড নারায়ণগঞ্জ শাখাকে নমুনা সংগ্রহ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজের নেতৃত্বে এক অভিযানে এ নির্দেশ দেওয়া হয়।
সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে এর সত্যতা নিশ্চিত করে জানান, তাদের নমুনা সংগ্রহ বন্ধ রাখার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানকালে জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, সিদ্ধিরগঞ্জে জাহিদুল ইসলাম নামের এক রোগীর কাছ থেকে করোনার নমুনা পরীক্ষার জন্য সাড়ে চার হাজার টাকা নেয় ল্যাবএইড নারায়ণগঞ্জ শাখা। ল্যাবএইড থেকে এ টাকা নেওয়ার রসিদও দেওয়া হয়েছে। ওই রোগীকে নমুনা দেওয়ার জন্য শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত নবনির্মিত জুডিশিয়াল কোর্ট ভবনের সরকারি বুথে ডেকে নেন ল্যাবএইডের বিপণন (মার্কেটিং) কর্মকর্তা মোহাম্মদ রিপন। সেখান থেকেই ওই রোগীর নমুনা সংগ্রহ করা হয়। এ সময় ওই বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপত্তি জানিয়েছিলেন। এ বিষয়ে অভিযোগ এলে সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, সরকারিভাবে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলে রোগীকে ফি দিতে হয় ৫০০ টাকা। কিন্তু বেসরকারিভাবে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলে রোগীকে দিতে হবে এক হাজার টাকা। কিন্তু ল্যাবএইড ওই রোগীর কাছ থেকে নমুনা পরীক্ষার জন্য সাড়ে চার হাজার টাকা নিয়েছে। এদিকে ওই রোগীর নমুনা নেওয়ার জন্য আবার সরকারি বুথেও নিয়ে গেছে। তাদের (ল্যাবএইড) নমুনা সংগ্রহের কোনো বুথ নেই। ল্যাবএইডের এ প্রতারণার অভিযোগের সত্যতা পেয়ে ল্যাবএইড নারায়ণগঞ্জ শাখাকে নমুনা সংগ্রহ বন্ধ রাখতে ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন জেলা সিভিল সার্জন।
অভিযোগে বিষয়ে ল্যাবএইড নারায়ণগঞ্জ শাখার নির্বাহী (প্রশাসন) তানভীর আলম প্রথম আলোকে জানান, ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য সাড়ে চার হাজার টাকা নেওয়া হয়েছিল। সরকার–নির্ধারিত ফি বাড়ি থেকে নমুনা সংগ্রহের জন্য এক হাজার টাকা এবং পরীক্ষার জন্য ফি সাড়ে তিন হাজার টাকা। নমুনা বাড়ি থেকে নেওয়ার কথা ছিল। কিন্তু রোগীর চাপাচাপির কারণে তাঁর নমুনা শহরের একটি বুথ থেকে নেওয়া হয়। কাজটি করা ঠিক হয়নি। কেউ একজন অভিযোগ করলে সিভিল সার্জন তাঁদের নমুনা সংগ্রহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তাঁরা এখন নমুনা সংগ্রহ করছেন না।