নারায়ণগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র মো. মাহফুজের স্বজনদের আহাজারি। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সামনে
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় ছুরিকাঘাতে মো. মাহফুজ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় নগরের টানবাজার ঘাট এলাকায় ছুরিকাহত হন তিনি। পরে রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত মাহফুজ নগরের খানপুর বউবাজার এলাকার হারুনুর রশীদের ছেলে। শনিবার দুপুরে সুরতহাল শেষে মাহফুজের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কলেজছাত্র মাহফুজ
ছবি: সংগৃহীত

নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে মাহফুজকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন মাহফুজ। পাশাপাশি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন।

প্রাথমিক তদন্তে ও নিহত কলেজছাত্রের দুই সহকর্মীর দেওয়া তথ্যের বরাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, বছর দেড়েক আগে দেওভোগের কিছু যুবকের সঙ্গে চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে মারামারি হয় মাহফুজ, মেহেদী, সায়েম ও তাঁদের বন্ধুদের। কোনোভাবে তাঁরা জানতে পারেন, দেওভোগের ওই যুবকেরা পিকনিক শেষে রাতে টানবাজার ঘাট দিয়ে ফিরবেন। তাঁদের সঙ্গে ঝামেলা করার উদ্দেশ্যে টানবাজারে যান তাঁরা। সেখানেই প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাহফুজ। ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।

থানা ফটকে মাহফুজের বড় বোন পলি বেগম বলেন, বিকেলে কাজ থেকে ফেরার পর দুই সহকর্মী ও বন্ধু মেহেদী (২১) ও সায়েম (২০) বাসা থেকে ডেকে নিয়ে যান মাহফুজকে। রাতে মাহফুজ ছুরিকাহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আছেন বলে খবর পান। হাসপাতালে গেলে চিকিৎসক দ্রুত ঢাকা নিয়ে যেতে বলেন। পরে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করালে সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ছিলেন মাহফুজ। রাত আড়াইটার দিকে আইসিইউতেই মারা যান।

মাহফুজের মা মাবিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেসে রান্না কইরা খাওয়াইয়া ছেলেরে বড় করছি। তিন মেয়ের পর একমাত্র ছেলে ছিল মাহফুজ।’ ক্ষোভের সুরে ছেলে হত্যার বিচার চান তিনি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেহেদী, সায়েম ছাড়াও তমাল (২২) নামে আরেক সহকর্মীকে থানায় আটক করেছে পুলিশ। তাঁরা তিনজনই খানপুর ও আশপাশের এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ঘটনার সময় সঙ্গে থাকা তিন সহকর্মীর সঙ্গে কথা বলে বিস্তারিত জানা হচ্ছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।