নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে দগ্ধ তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকার একটি ফ্ল্যাটে আগুনে দগ্ধ হয়েছেন শিশু–নারীসহ ছয়জন
ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকায় একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ বাকি দুজন আশঙ্কামুক্ত।

এর আগে গতকাল বুধবার ভোরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দগ্ধ মো. মিশাল (২৬)।

আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে নিহত মিশালের শ্বশুর শহীদ হোসেন প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধ তাঁর দেড় বছরের নাতি মিনহাজ, নিহত মিশালের ভাতিজা মো. মাহফুজ (১৩) ও মিশালের ভায়রার ছেলে সাব্বির হোসেনের (১৫) অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। এ ছাড়া একই ঘটনায় দগ্ধ নিহত মিশালের স্ত্রী মিতা বেগম (২৩) ও তাঁর মেয়ে আফসানা আক্তার (৪) এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় হাজী ভিলার ছয়তলার ফ্ল্যাটে বিকট শব্দে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। বিস্ফোরণে ঘরের জানালার কাচ ভেঙে গেছে। পুড়ে গেছে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাসের সিলিন্ডারের মুখ থেকে গ্যাস লিকেজ হয়ে পুরো ঘরে তা ছড়িয়ে পড়ে। বিদ্যুতের স্পার্ক অথবা মশাল কয়েল জ্বালাতে গেলে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন