নারায়ণগঞ্জে ব্যাংক ও বাজারে ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দিন পর ব্যাংক খোলায় আজ সোমবার ভিড় জমান গ্রাহকেরা। সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায়।
ছবি: দিনার মাহমুদ

সারা দেশে চলা কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে নারায়ণগঞ্জে লোকজনের চলাচল বেড়েছে। শহরে বিভিন্ন ব্যাংকের শাখা ও বাজারগুলোতে ভিড় বেড়েছে। অনেক ক্ষেত্রে সেখানে বজায় থাকছে না নিরাপদ সামাজিক দূরত্ব। তবে আজও বিভিন্ন চেকপোস্টে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁরা বাইরে বের হওয়া লোকজনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করে চলাচল করতে দিচ্ছেন।

আজ সোমবার সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের বন্দর বাজার, বন্দর খেয়াঘাট, শীতলক্ষ্যার ৩ নম্বর ঘাট মাছ বাজার, দিগু বাবুর বাজার, কালীর বাজার, নয়ামাটি, নিতাইগঞ্জ ও দেওভোগ পালপাড়া মোড় ও উকিলপাড়া এলাকায় গিয়ে দেখা যায় মানুষের ভিড়। এসব এলাকার ব্যাংকগুলোর সামনে ও ভেতরে গ্রাহকদের লম্বা লাইন চোখে পড়ে। অন্যান্য দিনের মতো সড়কে বিজিবি ও পুলিশের টহল চোখে পড়লেও মানুষের চলাচল স্বাভাবিক ছিল।

সকাল নয়টায় শহরের ৩ নম্বর ঘাট পাইকারি মাছ বাজারে গিয়ে ক্রেতা–বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। লকডাউনের শুরুতে প্রশাসনের তৎপরতায় বাজারটিতে তিন থেকে ছয় ফুট দূরত্বে বিক্রেতাদের বসানো হয়েছিল। তবে আজ ছিল সেই পুরোনো চিত্র। নিরাপদ সামাজিক দূরত্ব ছাড়াই অন্তত এক হাজার মানুষকে মাছ কেনাবেচা করতে দেখা গেছে। বাজারে আসা বেশির ভাগ ক্রেতার মুখে মাস্ক থাকলেও বিক্রেতাদের অধিকাংশই মাস্কহীন ছিলেন। ভিড়ের মধ্যেও মাছ নিলামের স্থানগুলোতে আলাদা করে মানুষের জটলা চোখে পড়েছে। মাছ কাটার স্থানগুলোতে মাস্ক ছাড়াই লোকজন মুখোমুখি বসে মাছ কাটার কাজ করেছেন। বেচাকেনা ছাড়াও বাজারের ভেতরে থাকা বেশ কিছু রেস্তোরাঁর ভেতরে বসে ক্রেতা–বিক্রেতাদের নাশতা করতে দেখা গেছে। সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বাজারটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়েনি।

সকাল ১০টায় শহরের দিগু বাবুর বাজারে ঘুরে একই চিত্র দেখা গেছে। লকডাউনের শুরুর দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারটিতে ছয় ফুট দূরত্ব মেনে বিক্রেতাদের বসানো হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করার জন্য বাজারের পাশের শায়েস্তা খাঁ সড়ক ও বঙ্গবন্ধু সড়কের এক পাশে বাজার সম্প্রসারণ করা হয়েছিল। বাজারের একজন বিক্রেতা শাহাবাজ আলী প্রথম আলোকে বলেন, ‘শুরুর দিন ম্যাজিস্ট্রেটের কথায় বাজারের বাইরে যাইয়া বসছিলাম। এক দিন পরে দেখলাম ব্যবসায়ীরা বাজারের ভিতরে চইলা আইছে। আমিও তাগো লাগে আইছি।’ নিয়ম করার পর প্রশাসনের নজরদারি না থাকায় এমনটা হয়েছে বলে মনে করেন শাহাবাজ আলী।

সকাল সাড়ে ১০টায় চাষাঢ়া সোনালী ব্যাংক করপোরেট শাখায় গিয়ে কাউন্টারগুলোতে গ্রাহকদের জটলা করে থাকতে দেখা গেছে। ব্যাংকটিতে আসা গ্রাহকদের জন্য ব্যাংকের পক্ষ থেকে জীবাণুনাশক ছিটাতে দেখা যায়নি। কোনো কোনো গ্রাহককে থুতনিতে মাস্ক নামিয়ে রাখতে দেখা গেছে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের অগ্রণী ব্যাংক ও সিটি ব্যাংকের সামনে গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে।

সিটি ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো এক গ্রাহক জুয়েল শীল বলেন, বিদেশ যাওয়ার ব্যাংকের হিসাব বিবরণী প্রয়োজন। প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন তিনি। ব্যাংকটির একজন নিরাপত্তাকর্মী জানান, ব্যাংকের ভেতরে স্বাস্থ্যবিধি রক্ষা করতে একসঙ্গে ১০ জনের বেশি ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না তাঁরা। এ কারণে বাইরে গ্রাহকদের ভিড় বেড়েছে।

বঙ্গবন্ধু সড়কের ডাচ্‌ বাংলা ব্যাংক শাখায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত গ্রাহকদের ভিড় দেখা গেছে। ব্যাংকটির প্রবেশমুখে নিরাপত্তাকর্মীদের পাশে জীবাণুনাশক থাকলেও সেগুলোর ব্যবহার করতে দেখা যায়নি। এ সময় ব্যাংকটির ভেতরে অপেক্ষমাণ শতাধিক গ্রাহককে বসে থাকতে দেখা গেছে। তাঁদের প্রায় সবার মুখে মাস্ক ছিল। ব্যাংকটির বঙ্গবন্ধু রোড শাখার উপব্যবস্থাপক মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চার দিন পর ব্যাংক খোলা হলেও আগের তুলনায় গ্রাহকের সংখ্যা কম। আমরা যতটুকু সম্ভব নিরাপত্তার সঙ্গে গ্রাহকদের সেবা দেওয়ার চেষ্টা করছি।’

অন্যান্য দিনের মতো আজ বন্দর ঘাট, ২ নম্বর গেট ও চাষাঢ়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টগুলোতে বাইরে বের হওয়া লোকজনকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। মাস্কহীন, একই রিকশায় একাধিক যাত্রী আরোহণ ও সুনির্দিষ্ট কারণ ছাড়া বাইরে বের হওয়ায় অনেককেই জরিমানা গুনতে হয়েছে।