নারায়ণগঞ্জে মা-মেয়েকে হত্যায় গ্রেপ্তার জোবায়েরের তিন দিনের রিমান্ড

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আল জোবায়েরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে নারায়ণণগঞ্জ আদালতপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় মা ও সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে বাসায় ঢুকে হত্যার ঘটনায় গ্রেপ্তার যুবক আল জোবায়েরের (২৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে তাঁকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, জানতে জোবায়েরকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নিহত রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আল জোবায়েরকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জোবায়ের তাঁর ছয়তলার ফ্ল্যাটে ঢুকে তাঁর স্ত্রী ও অন্তঃসত্ত্বা মেয়েকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। তাঁর ছেলের বউকে বঁটি দিয়ে হত্যার চেষ্টা করলে তিনি কৌশলে প্রাণে রক্ষা পান। পরে স্থানীয় লোকজন ভবনের গেটে তালা মেরে দেন। পুলিশ গিয়ে অভিযুক্ত জোবায়েরকে তিনটি রক্তাক্ত ছুরিসহ আটক করে। জোবায়েরের ব্যাগ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গতকাল দুপুরে ছয়তলার ফ্ল্যাটে ঢুকে মা ও সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত জোবায়েরের ব্যাগ থেকে দুটি সোনার মালা ও কানের দুল উদ্ধার করা হয়েছে। জোবায়ের ২০১৩ সালে এইচএসসি পাস করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। পরে আর্থিক সমস্যার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি বলে পুলিশের কাছে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন