নারায়ণগঞ্জে লকডাউন-বৃষ্টি মিলে নাজেহাল মানুষ
নারায়ণগঞ্জের কাশিপুরের হাটখোলা থেকে শহরের নয়ামাটি হোসিয়ারি পল্লিতে এসেছেন বীথি আক্তার (৩৪)। সঙ্গে এসেছেন তাঁর আরও চার সহকর্মী। তাঁরা সবাই হোসিয়ারি কারখানার শ্রমিক। ২২ জুন থেকে ঢাকার আশপাশের সাত জেলায় শুরু হওয়া কঠোর লকডাউনের কারণে শহরে গণপরিবহন কম, তার মধ্যেই মুষলধারে বৃষ্টি। বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে হেঁটে কাজে আসতে হয়েছে তাঁদের।
বীথির মতো শিল্পনগরী নারায়ণগঞ্জের লাখো শ্রমিক আজ মঙ্গলবার সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন। একদিকে লকডাউনের ফলে গণপরিবহন বন্ধ, এর মধ্যে বৃষ্টি। অপর দিকে কারখানার মালিকদের পক্ষ থেকে কাজে ফেরার চাপ। সড়কের ভোগান্তি থামাতে পারেনি শ্রমিকদের। জীবিকার তাগিদে তাঁরা ঘর ছেড়েছেন। বীথি বলছিলেন, ‘সব বাধা উপেক্ষা করে কাজে যাওয়াটা আমগো নিয়তি।’
সকাল সাড়ে ৯টায় চার সহকর্মীর সঙ্গে ডিআইটি করিম মার্কেট এলাকায় একটি ভবনের কার্নিশের নিচে দাঁড়িয়ে বৃষ্টি কমে আসার অপেক্ষা করছিলেন বীথি। সেখানেই কথা হয় তাঁদের সঙ্গে। বীথি বলেন, তাঁর স্বামী ইকরাম হোসেন বিসিক শিল্প নগরীর তৈরি পোশাকশ্রমিক। প্রতিদিনের মতো আজও একই সঙ্গে ঘর থেকে বের হয়েছেন তাঁরা। ঘরের একমাত্র ছাতা স্বামীকে দিয়ে এসেছেন। ভেবেছিলেন, প্রতিদিনের মতো আজও বাড়ির সামনে থেকেই ইজিবাইকে চড়ে কাজে আসবেন। সড়কে গণপরিবহন কম থাকায় সে সুযোগ হয়নি।
পাশে থাকা বীথির সহকর্মী আনোয়ারা ইজিবাইকে ১৫ মিনিটের সড়ক হেঁটে এসেছেন দেড় ঘণ্টায়, তা নিয়েই বিরক্ত তিনি। বললেন, ‘গরিবের কপাল! বৃষ্টিতে ভেজে, রইদে পোড়ে, তারপরও দেরি হইলে বেতন কাটে। আপনাগো বইলা কপাল খুলব?’ এরপর বৃষ্টিতে ভিজতে ভিজতেই কারখানার উদ্দেশে ছোটেন বীথি, আনোয়ারা, তাপসী, নয়না আর মইদুর।
প্রশাসনের পক্ষ থেকে আজ ভোর ছয়টা থেকে শুরু হওয়া লকডাউন কঠোরভাবে পালনের ঘোষণা থাকলেও তেমনটি দেখা যায়নি। টানা বর্ষণেও শহর ছিল প্রাণচঞ্চল। ভোর থেকেই খাবারের দোকানগুলোতে ভিড় ছিল। সকাল ১০টার আগেই ডিআইটি, নয়ামাটি, টানবাজার ও দেওভোগের বেশকিছু কাপড়ের দোকান খুলতে দেখা গেছে। অন্যান্য দিনের তুলনায় শহরে রিকশা ও ইজিবাইকের পরিমাণ কম ছিল। হেঁটে গন্তব্যে গেছেন হাজারো মানুষ। সকাল থেকে সড়ক ও নদীপথে চলা সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল। তবে আগের নিয়মেই ২২-২৫ ফুট দৈর্ঘ্যের ট্রলারগুলোতে একসঙ্গে ৬০ থেকে ৭০ জন করে শীতলক্ষ্যা নদী পার হয়েছেন।
সকাল থেকে নারায়ণগঞ্জ সদর থানার একটি টহল দলকে শহরের বঙ্গবন্ধু সড়কে ঘুরে ঘুরে সচেতনতামূলক মাইকিং করতে দেখা গেছে। দিগুবাবুর বাজার, কালীর বাজার ও নিতাইগঞ্জের খাদ্যপণ্যের আড়তগুলো স্বাভাবিক নিয়মেই খুলেছে। তবে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তরিক হোসেন নামের নয়ামাটি এলাকার এক দোকানমালিক বলেন, ‘সরকার লকডাউনের ঘোষণা দিছে। কিন্তু দোকান খোলা হলো নাকি বন্ধ, তা নিয়ে কোনো তদারকি নাই। আমরা আগের নিয়মেই আছি। যে কয়েকটা দোকান বন্ধ কিংবা ক্রেতা কম, তা বৃষ্টির কারণে। এভাবে কারখানা খোলা রেখে লকডাউনের কোনো মানে হয় না।’