নারী কনস্টেবলের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নারী কনস্টেবলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই নারী কনস্টেবল নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হৃদয় খান (২৫) নামের এক যুবকের নামে মামলাটি করেন।

ওই নারী কক্সবাজার জেলায় কর্মরত। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ শহরে। হৃদয় খানের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম প্রথম আলোকে বলেন, এই ঘটনায় ওই নারী কনস্টেবল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত যুবক হৃদয় খান তাঁদের আত্মীয়। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে হোয়াটসঅ্যাপে হৃদয় খানের সঙ্গে নিয়মিত ভিডিও কলে কথা হতো তাঁর। হৃদয় খান তাঁকে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে হৃদয় তাঁর সঙ্গে কাটানো একান্ত সময়ের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তাঁকে না জানিয়ে ধারণ করেন। সেই ভিডিও হৃদয় তাঁর মুঠোফোনে সংরক্ষণ করে রাখেন।

এজাহারে ওই নারী আরও উল্লেখ করেন, হৃদয়ের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন শুরু হলে হৃদয় বিশেষ কৌশলে তাঁর মুঠোফোনের যাবতীয় নম্বর এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তথ্য সংগ্রহ করেন। পরে হৃদয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানেই ওই ভিডিও ছড়িয়ে দেন।