নারী গ্রাম পুলিশ সদস্যকে উত্ত্যক্তের দায়ে ইউপি সচিবকে কারাদণ্ড
এক নারী গ্রাম পুলিশ সদস্যকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার দায়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এ দণ্ড দেন। আজ বুধবার সকালে সখীপুর থানা-পুলিশ ওই সচিবকে টাঙ্গাইল কারাগারে পাঠিয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই ইউপি সচিবের নাম মো. মোশারফ হোসেন (৪২)। তিনি উপজেলার কালিয়া ইউপির সচিব। তাঁর বাড়ি মির্জাপুরে। এ ছাড়া তিনি ইউপি সচিব সমিতির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বিকেলের দিকে মোশারফ এক নারী গ্রাম পুলিশকে ইউপি ভবনের দোতলায় ডেকে নেন। সেখানে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। পরে ওই নারী নিচতলায় ইউপি চেয়ারম্যানের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে বিচার চান। চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনওকে জানালে ইউএনও ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান।
ওই নারীর অভিযোগ, মোশাররফ তাঁকে নানা সময়ে উত্ত্যক্ত করেছেন। গতকাল তাঁকে একটি কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী প্রথম আলোকে বলেন, দোষ স্বীকার করে আদালতের কাছে জবানবন্দি দেওয়ায় ওই ইউপি-সচিবকে ৩৫৪ ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।