কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন
নারী শিক্ষায় কাউন্সিলরের ভূমিকা চান ভোটাররা
সংরক্ষিত আসন ১, ২ ও ৩
ওই তিন সংরক্ষিত আসনে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ জুন এখানে নির্বাচন হবে।
বিধবা কর্মহীন নারীদের কর্মসংস্থান, বস্তি এলাকায় স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন ভাতা নিশ্চিতকরণ এবং ঝরে পড়া কন্যাশিশুদের বিদ্যালয়মুখী করার দাবি জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের কাছে ভোটাররা। তাঁরা নারীবান্ধব কাউন্সিলর চান।
কুমিল্লা সিটি করপোরেশনের সংরক্ষিত আসন ১, ২ ও ৩ নম্বরের ভোটারদের সঙ্গে কথা বলে এমন দাবির কথা জানা গেছে। ওই তিন সংরক্ষিত আসনে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ জুন এখানে নির্বাচন হবে।
সংরক্ষিত আসন ১ (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড)
বিষ্ণুপুর, কালিয়াজুরি, মৌলভীপাড়া, ভাটপাড়া, ছোটরা, রেসকোর্স ও শাসনগাছা বাদশা মিয়ার বাজার এলাকা নিয়ে সংরক্ষিত আসন ১। এই ওয়ার্ডের বিষ্ণুপুর, মৌলভীপাড়া ও ভাটপাড়া এলাকায় দরিদ্র নারীর সংখ্যা বেশি। এখানে মাধ্যমিক বিদ্যালয় নেই। সেখানকার কিছু এলাকায় দিনমজুরের সংখ্যা বেশি। নারী শ্রমিকও বেশি। গণপরিবহন নেই। ওয়ার্ডের নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে পর্যাপ্ত সেবা মিলছে না।
রেসকোর্স এলাকার ভোটার খায়রুন নাহার বলেন, ‘বিভিন্ন বাসায় যাঁরা কাজ করেন, তাঁদের স্বাস্থ্যসেবা জোরদার করতে হবে। দরিদ্র পরিবারে আয়বৃদ্ধির কর্মসূচি নেওয়া দরকার।’ ছোটরা এলাকার ভোটার স্কুলশিক্ষক মৌসুমী রহমান বলেন, ‘নারী কাউন্সিলররা বেশিসংখ্যক ভোট নিয়ে নির্বাচন করেন। কিন্তু তাঁদের ক্ষমতা কম। নারীদের ক্ষমতায়ন ও সুবিধা বাড়াতে হবে।’
১ নম্বর আসনে কাউছারা বেগম, আছিয়া মাহজাবিন খান নিশু, সফুরা সুলতানা অ্যানি, রোকসানা ইসলাম, সাহিনুর আক্তার ও মমতাজ বেগম নির্বাচন করছেন। ভোটার ২৮ হাজার ৮৭২ জন।
সংরক্ষিত আসন ২ (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড)
কাপ্তানবাজার, ইসলামপুর, মোগলটুলি, পুরাতন চৌধুরীপাড়া, রাজগঞ্জ, চানপুর, শুভপুর, গাংচর নিয়ে সংরক্ষিত আসন ২। এ আসনের শুভপুর ও ঋষিপট্টি এলাকা স্বাস্থ্যসেবায় পিছিয়ে আছে। এসব এলাকায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করছে। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। করোনাকালে ত্রাণসামগ্রী বিতরণ, অক্সিজেন–সেবা দিয়েছেন জনপ্রতিনিধিরা। কিন্তু সেটি চাহিদার তুলনায় অপ্রতুল ছিল। কাপ্তানবাজার, উত্তর গাংচর ও শুভপুর এলাকায় ঘনবসতি বেশি।
শুভপুরের ভোটার ফাতেমা বেগম বলেন, ‘আমাদের বিশুদ্ধ পানির সমস্যা। বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। এগুলোর স্থায়ী সমাধান চাই।’
এ আসনে নাদিয়া নাছরিন, কোহিনুর আক্তার, দিলরুবা আক্তার ও বৃষ্টি আক্তার নির্বাচন করছেন। এখানে ভোটার ২৫ হাজার ৩২৯ জন।
সংরক্ষিত আসন ৩ (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড)
ঠাকুরপাড়া, গোবিন্দপুর, অশোকতলা, নোনাবাদ কলোনি, পশ্চিম বাগিচাগাঁও, নতুন চৌধুরীপাড়া নিয়ে সংরক্ষিত আসন ৩। এ ওয়ার্ডের নোনাবাদ কলোনি, অশোকতলা এলাকা, ঠাকুরপাড়ার কিছু পিছিয়ে পড়া এলাকা, গোবিন্দপুর অংশে নোংরা ও ময়লা–আবর্জনায় ভরা। সেখানকার নালা খারাপ। বাড়িগুলোতে কাদাময় অবস্থা। স্বামী পরিত্যক্ত নারীদের পুনর্বাসন নেই।
স্বেচ্ছাসেবী সংগঠন নারী দীপিতার সাধারণ সম্পাদক ফাহমিদা জেবিন বলেন, বিভিন্ন কলোনি ও বস্তি এলাকায় ড্রেনেজ সমস্যা আছে। পরিষ্কার–পরিচ্ছন্নতার অভাব রয়েছে।
ঠাকুরপাড়ার বাসিন্দা ইউসুফ লিটন বলেন, করোনাকালে অনগ্রসরমাণ এলাকার স্কুলগামী কন্যাশিশুদের কেউ কেউ বিদ্যালয়বিমুখ হয়েছে। ওদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে। জনপ্রতিনিধিরা এগিলে এলে ঝরে পড়া রোধ করা সম্ভব।
এখানে উম্মে কুলসুম মুনমুন, ফারজানা আক্তার, রাশেদা এমরান ও ফাতেমা আক্তার নির্বাচন করছেন। এখানে ভোটার ২২ হাজার ৪৮৬ জন।