নারীদের প্রতিবাদ করতে হবে; এভাবেই আলো আসবে, সমাজ বদলাবে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চতুর্থ বর্ষের এক ছাত্রী গত সোমবার রাতে চট্টগ্রাম থেকে বাসে সিলেটে যাচ্ছিলেন। তাঁর সামনের আসনে বসা এক যুবক ওই তরুণীকে দেখিয়ে মুঠোফোনে পর্নোগ্রাফি ভিডিও দেখতে শুরু করেন। তরুণী প্রতিবাদ করেন। কিন্তু ওই যুবক তা শোনেননি। পরে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার সকালে ওই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তরুণীর এমন প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। বিষয়টি নিয়ে প্রথম আলো কথা বলেছে ওই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজিয়া চৌধুরীর সঙ্গে। তিনি বিশ্ববিদ্যালয়টির যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে গছিত কমিটির সভাপতি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

প্রথম আলো: বাসে আপনাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু তাঁর সাহসী প্রতিবাদে মাহবুবুর রহমান নামের এক যুবক শেষ পর্যন্ত কারাগারে যান। পুরো বিষয়টি কীভাবে দেখছেন?

নাজিয়া চৌধুরী: প্রথম আলোর অনলাইনে প্রকাশিত একটি সংবাদ থেকে আমি চলন্ত বাসে আমাদের ছাত্রীকে উত্ত্যক্ত করার বিস্তারিত তথ্য জেনেছি। মাহবুবুর রহমান নামের অভিযুক্ত যুবকটির মতো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনেকে আছেন। ঘরের বাইরে বেরোলেই নারীরা অধিকাংশ পুরুষের দ্বারা নানান ভাবে যৌন নিপীড়ন ও উত্ত৵ক্তের শিকার হচ্ছেন। এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না। এই মানসিকতার পরিবর্তন না ঘটলে সমাজ এগোবে না। তবে, আমাদের মেয়েটি যেভাবে সাহসী প্রতিবাদ জানিয়েছেন, তাঁকে অভিনন্দন।
যুবকটি যখন নির্দিষ্ট গন্তব্যে এসে বাস থেকে নেমে যাচ্ছিলেন, তখন বিচারের মুখোমুখি না হয়ে যুবকটিকে যেতে দিতে ছাত্রীটি অপরাগতা প্রকাশ করে আটকে রাখেন। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সবাইকেও অভিনন্দন জানাই, যাঁরা মেয়েটির প্রতিবাদে দ্রুত সাড়া দিয়ে ব্যবস্থা নিয়েছেন। সচরাচর এমনটা দেখা যায় না। দেখা যায়, প্রতিবাদ তো দূরের কথা; উত্ত৵ক্তের শিকার হয়েও অনেক নারী চুপ করে বসে থাকেন। কিংবা তথাকথিত ‘লজ্জা’র ভয়ে কাউকে ঘটনা জানাচ্ছেন না কিংবা প্রতিবাদ করছেন না। অনেকে ভাবতে পারেন, বিষয়টি তেমন কিছুই নয়। কিন্তু এটা রীতিমতো যৌন নিপীড়ন। এ ধরনের কার্যকলাপ বন্ধ করার জন্য ছাত্রীটির পদক্ষেপ যথাযথ এবং সঠিক। এমন অবস্থায় এমনভাবেই প্রতিবাদ জানানো উচিত।

প্রশ্ন :

প্রথম আলো: প্রায়ই তো এমন ঘটনা ঘটছে...

নাজিয়া চৌধুরী: প্রায়ই তো এমন হচ্ছে। রাস্তাঘাট, উন্মুক্ত স্থান, গণপরিবহনে প্রকাশ্যে নারীদের উত্ত্যক্ত করা এবং যৌন নিপীড়নের ঘটনা অহরহ ঘটছে। যাত্রীবাহী চলন্ত বাসে প্রায়ই দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণচেষ্টার খবর আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনে থাকি। এটি রোধে সমাজের সব স্তরের মানুষের সচেতন হওয়া প্রয়োজন। পারিবারিক মূল্যবোধ এবং শিক্ষাও এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। পরিবার থেকেই একজন ছেলে সন্তানকে শিক্ষা দেওয়া প্রয়োজন, নারীদের প্রতি তাঁর কেমন আচরণ হওয়া উচিত।
আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে, গত সোমবার রাতে শাবিপ্রবির ছাত্রী যখন ওই যুবকের অন্যায্য আচরণের প্রতিবাদ জানিয়েছেন, তখন একপর্যায়ে ছাত্রীটিকে তাঁর আসন থেকে সরিয়ে আরেকটি আসনে বসানো হয়েছে। এটা কেন হবে? মেয়েটিকে কেন সরানো হবে? কেন অভিযুক্ত যুবকটিকে অন্যত্র সরিয়ে আটকে রাখলেন না চালক ও তাঁর সহযোগীরা? কেন বাসের অপর যাত্রীরা সমস্বরে এ ঘটনার প্রতিবাদ জানালেন না? এখানেই তো সচেতনতার বিষয়। যদি বাসের অপর যাত্রীরা প্রতিবাদমুখর হতেন, তা হলে ওই যুবক নিশ্চয়ই সীমা লঙ্ঘন করতে পারতেন না। আসলে সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। সবাইকে নিয়েই সমাজ। তাই সবার মানসিকতার পরিবর্তন করতে না পারলে এমন ঘটনা ঘটতেই থাকবে। রাস্তাঘাটে নারীদের হয়রানির সময় দুই–তিনজন পুরুষ হয়তো পাশে দাঁড়ান। এটা শতভাগে আসতে হবে। তবেই এই সমাজকে সভ্য সমাজ হিসেবে বিবেচনা করা যাবে।

প্রশ্ন :

প্রথম আলো: আপনি তাহলে বলতে চাচ্ছেন, মানসিকতার পরিবর্তন হওয়া আগে প্রয়োজন?

নাজিয়া চৌধুরী: নিশ্চয়ই। বিকৃত রুচি ও অনৈতিক আচরণ যত দূর হবে; ততই সমাজ উন্নত ও সভ্য হবে। তবে চাইলেই তো বহুদিনের নেতিবাচক মানসিকতার পরিবর্তন ঘটানো সম্ভব নয়। নারীদের উত্ত্যক্ত করা ও হয়রানি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সমাজের মানুষের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখা প্রয়োজন। আমি চাইব, যেখানে যে পরিস্থিতিতেই নারীদের প্রতি এমন অন্যায় আচরণ ঘটবে, সেখানেই নারীদের প্রতিবাদ জানাতে হবে। অপরাধের শিকার ব্যক্তি কেন লজ্জিত হবেন? লজ্জা তো পেতে হবে অপরাধীকে। প্রতিবাদ করতে করতেই আলো আসবে, সমাজ বদলাবে।