নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শুকনা খাবার বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘নারীদের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক প্রকল্প গ্রহণ করছেন। উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এমনই একটি প্রকল্প। এ প্রকল্পের আওতায় বিতরণ করা প্রাণিসম্পদ উপকরণ হাঁস, মুরগি, ভেড়া প্রান্তিক নারীদের স্বাবলম্বী করে তুলবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে সরকার।’

আজ রোববার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, দেশের একজন নারীও যেন অসহায় না থাকেন। তিনি নারীর ক্ষমতায়ন চান। নারীরা যেন অন্যের দয়াদাক্ষিণ্যের জন্য বসে না থাকেন। তিনি চান, পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবেন। সে লক্ষ্য নিয়েই আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি।’

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় সাবেক সাংসদ মো. শাহ আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নূরুল আলম, পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার সিকদার, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হক, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, নেছারাবাদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক এস এম জিয়াউল হক, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ প্রমুখ বক্তব্য দেন।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

এর আগে মন্ত্রী নেছারাবাদের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শুকনা খাবার বিতরণ করেন। পরে একই উপজেলার দক্ষিণ কৌরিখাড়া লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ স্থাপিত নতুন পন্টুনের উদ্বোধন করেন মন্ত্রী।