ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডেকে নিয়ে বিধবা নারীকে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় আজ শুক্রবার মামলা হয়েছে। মামলার ছয় আসামির মধ্যে পুলিশ প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
ওই চারজন হলেন মেরাজুল হক (২৪), তাঁর স্ত্রী তানজিনা আক্তার (২০), তানজিনার বড় বোন রাশেদা বেগম (৩৫) ও তানজিনার এক ভাইয়ের স্ত্রী ফেরদৌসা আক্তার (২০)। মেরাজুল ও তানজিনা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের বাসিন্দা। অপর দুজন একই ইউনিয়নের বেড়তলা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার নারীর বাবার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। ২৪ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের একটি গ্রামের এক বাসিন্দার সঙ্গে তাঁর বিয়ে হয়। চার বছর আগে তাঁর স্বামী মারা যান। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। চার বছর ধরে মেরাজুল ও ওই নারী একসঙ্গে কখনো নির্মাণশ্রমিক, কখনো চালকলে কাজ করতেন।
ওই নারীর কাছ থেকে বছরখানেক আগে মেরাজুল ৭০ হাজার টাকা ধার নেন। পরে টাকা পরিশোধ না করে তাঁকে নানাভাবে হয়রানি করতে থাকেন। ২২ জুলাই সকালে মেরাজুল টাকা ফেরত দেওয়ার কথা বলে ওই নারীকে মুঠোফোনে বেড়তলা গ্রামে ডেকে নেন। সেখানে রাশেদা বেগমের নেতৃত্বে পাঁচজন মিলে ওই নারীকে দিনভর মারধরের পাশাপাশি মাথা ন্যাড়া করে দেন। মাথায় কালি মাখিয়ে ও শরীরে মরিচের গুঁড়ামিশ্রিত পানি ঢেলে দেওয়া হয়।
নির্যাতনের ঘটনাটির ভিডিও ধারণ করেন রাশেদা বেগমের পরিবারের এক সদস্য। চার মিনিট আট সেকেন্ডের ভিডিওটি গত বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি নজরে এলে বৃহস্পতিবার বিকেলে পুলিশ রাশেদা বেগম ও মেরাজুল হককে আটক করে। পরে আটক করা হয় অপর দুজনকে। পুলিশ বৃহস্পতিবার রাতে ওই নারীকে ঢাকা থেকে উদ্ধার করেছে।
নির্যাতনের শিকার নারী প্রথম আলোকে বলেন, ‘মেরাজ আমারে আপা ডাকত। সে আমার অনেক ছোট। ট্যাহা দিব কইয়া আমারে ফোনে ডাইকা নিছে। পরে আমার সাথে মেরাজের খারাপ সম্পর্ক আছে, কইয়া সারা দিন নির্যাতন করছে। আমার কাছে ২০ হাজার ট্যাহা ছিল, দুই কানের দুল ছিল। সব নিছে। রাইতে আমি ডরে ভয়ে আর লজ্জায় ঢাকা এক বইনের বাড়িতে চইলা গেছি।’
আজ দুপুরে ওই নারীকে সরাইল থানায় আনা হয়। তিনি বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ৩২৬ ধারাসহ বিভিন্ন ধারায় মামলাটি নিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুল রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া চার আসামিকে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হবে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।