নার্সিং কলেজশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লালমনিরহাট নার্সিং কলেজের হোস্টেল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় সরকারি নার্সিং কলেজের হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম আল আমিন সরকার (২৩)। তিনি বিএসসি ইন নার্সিং অনুষদের প্রথম বর্ষের এই শিক্ষার্থী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গোপিনপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা দুইটার দিকে আল আমিনের বন্ধুরা তাঁর কক্ষে গিয়ে ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে অধ্যক্ষকে খবর দেন। পরে এক শিক্ষকের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর থানার পুলিশ।
এ বিষয়ে লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ ছাহেবা বেগম কোনো মন্তব্য করতে রাজি হননি। অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত বিষয় জানা যাবে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।