নালিতাবাড়ী সীমান্তে বন্য হাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় বন্য হাতির মৃত্যু হয়েছে। ছবিটি আজ সকাল ১০টায় ফেকামারি গ্রাম থেকে তোলা
প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। কী কারণে এই হাতির মৃত্যু হয়েছে, তা বলতে পারছেন না এলাকাবাসীসহ বন বিভাগের কর্মকর্তারা। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে দাবি করেন তাঁরা।

এর আগে ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলায় গারো পাহাড়ের রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রাম থেকে একটি মৃত হাতিকে উদ্ধার করে বন বিভাগ।

বন বিভাগ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে ছোটবড় ৪০টি বন্য হাতির দল সীমান্তের পানিহাটা এলাকায় ধানখেতে নেমে আসে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সীমান্তের ৫০০ মিটার ভেতরে ফেকামারির পূর্ব পাশে চাঁন মিয়া নামের এক কৃষকের ধানখেতে এ বন্য হাতিটি মারা যায়। আজ শুক্রবার সকালে এলাকাবাসী মৃত হাতিটিকে দেখতে পান। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় এলাকাবাসী মৃত হাতিটিকে দেখতে ভিড় করেন।

বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল করিম প্রথম আলোকে বলেন, মৃত হাতিটির বয়স আনুমানিক ২ থেকে ৩ বছর। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাণিসম্পদ অধিদপ্তরের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।