নালিতাবাড়ীতে নদী থেকে অবৈধভাবে বালু তোলায় তিনজনের দণ্ড-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে এক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টার পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব শাস্তি দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. বিপ্লব মিয়া (২৫)। তিনি উপজেলার গোবিন্দনগর গ্রামের কাশেম মিয়ার ছেলে। এদিকে জরিমানাপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন সাজেদুল ইসলাম (৩২) ও নুরে আলম (৩৫)। তাঁদের বাড়ি উপজেলার বারোমারি গ্রামে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস আনসার সদস্যদের নিয়ে অভিযানে বের হন। রাত ১০টার দিকে তাঁরা উপজেলার চেল্লাখালী নদী থেকে অবৈভাবে বালু তোলার অভিযোগে সাজেদুল ও নুরে আলমকে আটক করেন। এ সময় অপরাধ স্বীকার করায় তাঁদের দুজনকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জরিমানার টাকা পরিশোধ করে ওই দুজন মুক্তি পান।

অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে ভোগাই নদের গোবিন্দনগর এলাকায় একই অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপ্লব মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও হেলেনা পারভিন বলেন, প্রতিনিয়ত জরিমানা করা হচ্ছে, জেল দেওয়া হচ্ছে, তবুও কিছু মানুষের মধ্যে সচেতনতা কাজ করছে না। দুই ব্যক্তি এ কাজ আর করবেন না বলে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছেন। আরেক ব্যক্তিকে চার মাসের জেল দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আজ বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।