নালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে ধানখেত ক্ষতিগ্রস্ত, রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্য হাতির আক্রমণে ধানখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সকালে নাকুগাঁও গ্রামে
ছবি: প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও গ্রামে বন্য হাতি হানা দিয়েছে। এতে গত সোম ও মঙ্গলবার দুদিনে ওই এলাকার সাড়ে তিন একর জমির বোরো ধান নষ্ট হয়েছে। ফসল রক্ষার জন্য কৃষকেরা রাত জেগে পাহারা দিচ্ছেন। তাঁরা জানিয়েছেন, বর্তমানে ৪০-৪৫টি হাতি নাকুগাঁও ও ভারত সীমান্তের বানেরটিলায় অবস্থান করছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও গ্রামে পাহাড়ের ঢালে শতাধিক কৃষক ১৫০ একর জমিতে বোরো আবাদ করেছেন। সোম ও মঙ্গলবার সন্ধ্যার পর ৪০-৪৫টি বন্য হাতির পাল নাকুগাঁওয়ের বানেরটিলা চলে আসে। ২০-২৫টি হাতি নাকুগাঁও গ্রামের ফসলি জমিতে নেমে পড়ে। এ সময় হাতিগুলো নাকুগাঁও গ্রামের ইদ্রিস আলীর ৪০ শতক, আবদুল খালেকের ৩০ শতক, ফুলেমা চিসিমের ৫০ শতক, সাগর মারাকের ৪০ শতক, আলিম উদ্দিনের ৩০ শতক, প্রণব চিসিমের ৫০ শতক, দুলু মিয়ার ৩০ শতক ও তোতা মিয়ার ৪০ শতক আবাদি জমির ফসল খেয়ে ফেলে এবং পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে ফেলে।

হাতির দলটি নাকুগাঁওয়ের বানেরটিলায় সীমান্তবর্তী ১১১৫ নম্বর পিলারের কাছে অবস্থান করছে। এতে স্থানীয় কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলী বলেন, তিনি ১৬ হাজার টাকা খরচ করে ১ একর জমিতে বোরো ধান করেছেন। বন্য হাতির পালটি তাঁর খেতের ধান নষ্ট করে দিয়েছে। বাকি ফসল রক্ষা না করতে পারলে তাঁদের বিপদে পড়তে হবে।

আরেক কৃষক আলিম উদ্দিন বলেন, ‘হঠাৎ কইরা হাতির পাল খেতে নাইমা পইড়া দুই কাডা জমি খাইয়া আর পাও (পা) দিয়া ফসল মাডির (মাটির) লগে মিশাইয়া ফালাইছে। গ্রামবাসী সবাই হইহুল্লুর কইরা খেত থাইকা হাতি সরানো অইছে। অহন রাইত জাইগা সবাই হাতি পাহারা দিতাছি।’

নয়াবিল ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, হাতির আক্রমণে কৃষকদের ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতি তাড়াতে মশাল জ্বালাতে তেল কিনতে কিছু অর্থ দেওয়া হয়েছে। প্রতি রাতে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আবদুল করিম প্রথম আলোকে বলেন, ৩ দিন ধরে ৪০-৪৫টি বন্য হাতি নাকুগাঁও বানেরটিলায় অবস্থান করছে। সন্ধ্যার পর হাতির দলটি কয়েকটি দলে ভাগ হয়ে খেতে নেমে পড়ছে। ফসলি জমি পা দিয়ে নষ্ট করে ফেলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ম মেনে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে বলেছি।