নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলার ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের তারাগঞ্জ মধ্যবাজার দুধ হাটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণশ্রমিকের নাম বাবু কুমার (১৮)। তিনি উপজেলার ভোগাইরপাড় গ্রামের দিনেশ কুমারের ছেলে। ওই ঘটনায় ফারুক আহমেদ (১৯) নামের এক শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের তারাগঞ্জ মধ্যবাজার দুধ হাটিতে শফিউদ্দিন নামের এক ব্যবসায়ীর চারতলা বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ চলছে। সোমবার দুপুরে নির্মাণশ্রমিক বাবু ও ফারুক সড়ক থেকে রশি দিয়ে তিনতলা ভবনের ছাদে রড ওঠানোর কাজ করছিলেন। অসাবধানতাবশত রড ওপরে তোলার সময় পাশে থাকা পিডিবির ৩৩ কেভি বিদ্যুতের সঞ্চালন লাইনের সঙ্গে লাগে। এতে বাবু শক খেয়ে তিনতলা থেকে সড়কে থাকা ইটের খোয়ার ওপর পড়ে গুরুতর আহত হন। সেই সঙ্গে নির্মাণশ্রমিক ফারুক ছিটকে তিনতলায় আছড়ে পড়েন।
দ্রুত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ফারুককে ভর্তি করা হলেও বাবুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল চারটার দিকে ময়মনসিংহ শহরে পৌঁছানোর আগেই বাবুর মৃত্যু হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাব্বির হোসাইন বলেন, বাবু গুরুতর আহত থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অন্য শ্রমিক ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বিকেলে সুস্থ বোধ করায় বাড়ি চলে গেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ থেকে এখনো লাশ নালিতাবাড়ীতে আনা হয়নি। এ ব্যাপারে কেউ অভিযোগ করলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।