নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ডাওয়াকুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারী হলেন ছকিনা বেগম (৫০) ও নুর নাহার বেগম (৪৫)। ছকিনা উপজেলার ডাওয়াকুড়া গ্রামের মো. তারাব আলীর স্ত্রী। নুর নাহার একই গ্রামের আজগর আলীর স্ত্রী। দুই নারী সম্পর্কে জা। দুই নারী নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ানের দুই ফুফাতো ভাইয়ের স্ত্রী।

নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, নয়াবিল ইউনিয়নের ডাওয়াকুড়া গ্রামে বড় জা ছকিনা বেগম বাড়িতে কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে ছাড়াতে গিয়ে ছোট জা নুর নাহার বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির বিদ্যুৎ বন্ধ করে দুই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘নিহত দুই নারী আমার দুই ফুফাতো ভাইয়ের স্ত্রী। কাজ করার সময় প্রথমে ছকিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে ছাড়াতে গিয়ে নুর নাহারও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুই জায়ের মৃত্যুতে ডাওয়াকুড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ প্রথম আলোকে বলেন, ডাওয়াকুড়া গ্রামে দুই নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।