নালিতাবাড়ীতে ভোজ্যতেল মজুদ করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাঁচ হাজার লিটার ভোজ্যতেল মজুত করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার টেংরাখালী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।
ওই দুই ব্যবসায়ী হলেন উপজেলার রাজনগর গ্রামের সাইদুল ইসলামের ছেলে এনামুল পারভেজ (২৫) ও আনোয়ার হোসেন (৫০)।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের কাছে ব্যবসায়ী এনামুল পারভেজ ও আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি ঘরে কার্টনভর্তি প্রায় পাঁচ হাজার লিটার বোতলজাত ভোজ্যতেল মজুত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় ইউএনও হেলেনা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনামুল পারভেজকে ৫০ হাজার ও আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় মজুতকৃত তেল পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়। নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহেদসহ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ইউএনও হেলেনা পারভীন প্রথম আলোকে বলেন, ভোজ্যতেল মজুত করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।