নালিতাবাড়ীতে মারা যাওয়া দিনমজুরের করোনা পজিটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্বাসকষ্ট ও প্রস্রাবের সমস্যা নিয়ে মারা যাওয়া দিনমজুরের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা যাওয়ার দুদিন পর গত সোমবার রাতে এই প্রতিবেদন পাওয়া যায়। উপজেলায় করোনায় মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

মৃত্যু ওই ব্যক্তির (৩৫) বাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নে। গত শনিবার সন্ধ্যায় শেরপুর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের মাধ্যমে মারা যাওয়া ব্যক্তির আশপাশের ২০ বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই দিনমজুরের প্রস্রাব আটকে যায়। পরদিন আত্মীয়স্বজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে শেরপুর সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। শনিবার সন্ধ্যায় শেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার এক ঘণ্টা পরে তাঁর মৃত্যু হয়। প্রস্রাবের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট থাকায় করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ ল্যাবে পাঠানো হয়। শনিবার রাতেই গ্রামে সামাজিক কবরস্থানে তাঁর দাফন করা হয়।

গতকাল সোমবার রাত আটটার দিকে করোনাভাইরাস শনাক্তের প্রতিবেদন দেওয়া হয়। এরপর আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের ২০ বাড়ি লকডাউন করে দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহমা সারওয়াত সালাম প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির প্রস্রাবের সমস্যা ছিল। সেই সঙ্গে শ্বাসকষ্টও ছিল। মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছিল। গত সোমবার রাতে করোনা পজিটিভের প্রতিবেদন এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ওই ব্যক্তিকে যাঁরা দেখতে এসেছেন, গোসল করিয়েছেন, দাফন করিয়েছেন সবাইকে ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এ ছাড়া আশপাশের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে।