নালিতাবাড়ীর ১০ ইউপির মধ্যে ৭টিতেই নৌকার শোচনীয় পরাজয়
শেরপুরের নালিতাবাড়ীর ১০ ইউপির মধ্যে ৭টিতেই আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের (নৌকা প্রতীক) শোচনীয় পরাজয় হয়েছে। এ সাতটি ইউপির চারটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী, দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং একটিতে সাধারণ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বিল্লাহ হোসেন জানান, তৃতীয় ধাপে নালিতাবাড়ীর ১২টি ইউপির মধ্যে ২টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গতকাল রোববার ১০টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাতটিতে স্বতন্ত্র ও তিনটিতে নৌকার প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই প্রশাসনের সহযোগিতায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পোড়াগাঁও ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জামাল উদ্দিন চশমা প্রতীকে ৫ হাজার ৬৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেখানে নৌকার প্রার্থী বন্দনা চাম্বু গং ১ হাজার ৬৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। রূপনারায়ণকুড়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মঞ্জুর আল মামুন ঘোড়া প্রতীকে ৪ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান পেয়েছেন ৩ হাজার ৯৬২ ভোট।
রাজনগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা মো. আতাউর রহমান ঘোড়া প্রতীকে ৩ হাজার ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেখানে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বিপ্লব বর্মণ ২ হাজার ৭৭ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। মরিচপুরান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা মো. আয়ুব আলী চশমা প্রতীকে ৩ হাজার ৩৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেখানে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান খন্দকার শফিক আহমেদ ১ হাজার ৯৮৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। কলসপাড় ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপির কর্মী মো. আবদুল মজিদ আনারস প্রতীকে ৪ হাজার ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেখানে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম ২ হাজার ৭০৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। নয়াবিল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা মো. মিজানুর রহমান মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেখানে নৌকার প্রার্থী মো. নুর ইসলাম ৩ হাজার ৬৬০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
এই সাতটি ইউপির চারটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী, দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং একটিতে সাধারণ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
কাকরকান্দি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. নিয়ামূল কাউছার মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৯৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী দুই বারের চেয়ারম্যান শহিদ উল্লাহ তালুকদার ভোট পেয়েছেন ৩ হাজার ৬৮১।
অপর তিনটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে নালিতাবাড়ী ইউপিতে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ৩ হাজার ৭৪৮ ভোট, বাঘবেড় ইউপিতে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুস সবুর ৪ হাজার ৪০ ভোট এবং যোগানিয়া ইউপিতে নৌকার প্রার্থী মো. আবদুল লতিফ ৬ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নন্নী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. বিল্লাল হোসেন চৌধুরী ও রামচন্দ্রকুড়া ইউপিতে মো. আমানুল্লাহ বাদশা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘অনেক যোগ্য প্রার্থী দলীয় মনোনয়ন পেতে দলের কাছে আবেদন করেছিলেন। তাঁদের আবেদন বিবেচনা না করে পুনরায় অগ্রহণযোগ্য সাবেক চেয়ারম্যানদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দলের এ সিদ্ধান্ত আমরা মেনে নিলেও ভোটাররা তা মেনে নিতে পারেননি।’
উপজেলার একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী পোড়াগাঁও ইউপির নৌকার প্রার্থী বন্দনা চাম্বু গং প্রথম আলোকে জানান, ভোট সুষ্ঠু হয়েছে। কিন্তু দলের দুই ধনাঢ্য বিদ্রোহী প্রার্থী থাকায় তাঁরা নৌকার ভোটে ভাগ বসিয়েছেন। যদি ভোটের আগে বিদ্রোহীদের বিরুদ্ধে দলীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হতো, তাহলে ভোটের ফলাফল এমন হতো না বলে তিনি দাবি করেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ জানান, মূলত স্থানীয় নির্বাচনে আঞ্চলিকতাকেই ভোটাররা বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এ ছাড়া প্রার্থীদের যাচাই–বাছাইয়ের ব্যাপারে স্থানীয় নেতাদের ও এলাকার সাংসদদের সমন্বয় হলে নৌকার প্রার্থীরা এভাবে পরাজিত হতেন না বলে তিনি মনে করেন।