নাশকতা মামলার দুই আসামি আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত ও বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী তাঁদের সমর্থকদের নিয়ে গতকাল শনিবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এর মধ্যে বিস্ফোরক ও নাশকতা মামলার আসামি মিজানুর রহমান ওরফে মিজান এবং জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য, জামায়াত নেতৃত্বাধীন ওলামা পরিষদের সভাপতি, হেফাজতে ইসলামের জেলা আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব আলীও আছেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে সদর আসনের সাংসদ আবদুল ওদুদ তাঁদের আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন। দল বদল করা অন্য নেতারা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক নেতা মাসিদুর রহমান, জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজ জুলমাত আলী, জামায়াতের নেতা আবদুল্লাহ-হেল-কাফী, বিএনপির নেতা মোতাহার আলী ও শওকত আলী।

মিজানুর রহমান বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল হয়ে ও সাংসদ আবদুল ওদুদের আহ্বানে আওয়ামী লীগে যোগ দিয়েছি। আমি ছাত্রশিবির ও পরবর্তী সময়ে জামায়াতের একজন কর্মী হিসেবে কাজ করেছি। নেতা বা রুকন ছিলাম না। নাশকতা ও বিস্ফোরক মামলায় নভেম্বর মাসে আমাকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্ত হই। এই একটি মাত্র মামলাতেই আমি আসামি।’

মিজানুর রহমানকে দলে নেওয়ার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিজানুরের নেতৃত্বেই বহু সন্ত্রাসী ঘটনা ঘটেছে। মিজানুরের নেতৃত্বেই শহরের মসজিদপাড়ায় জামায়াতের শক্তিশালী ক্যাডার বাহিনী গড়ে ওঠে। তিনি আরও বলেন, সাংসদ আবদুল ওদুদ দলকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে আওয়ামী লীগকে জামায়াতীকরণ করছেন।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আওয়ামী লীগে এখন প্রকৃত আওয়ামী লীগাররা সংখ্যালঘুতে পরিণত হতে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় যে, যে জামায়াত বাহিনীর হাতে আমরা একদিন মার খেয়েছি, তারাই এখন আওয়ামী লীগে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা এতে আতঙ্কিত বোধ করছি।’

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জামায়াতের চিহ্নিত ক্যাডার ও নাশকতা মামলার আসামিদের আওয়ামী লীগে ঢোকানো হচ্ছে। প্রকৃত আওয়ামী লীগের লোকজন এঁদের হাতে নিরাপদ থাকবেন না। তাঁদের হাতে মার খাওয়ার পর বলা হবে, আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে আমরা মার খেয়েছি। ৫ জানুয়ারির নির্বাচনের পর জামায়াতের নেতা সোহরাব আলীর নেতৃত্বে হেফাজতে ইসলামের একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। বিআরটিসির তিনটি বাসে আগুন লাগানোর মামলাসহ একাধিক নাশকতা মামলার আসামি তিনি। নাশকতা মামলার আসামিদের দলে না নেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন। সেটাকে উপেক্ষা করে সাংসদ আবদুল ওদুদ ব্যক্তিস্বার্থে জামায়াতের সন্ত্রাসীদের দলে ঢোকাচ্ছেন।’

এ ব্যাপারে আবদুল ওদুদ প্রথম আলোকে বলেন, ‘নিজেদের ভুল বুঝতে পেরে আওয়ামী লীগে যোগ দিয়ে তাঁরা (জামায়াত-বিএনপি নেতা-কর্মীরা) যদি সংশোধিত হন, তাতে ক্ষতি কী? দলে যোগ দিয়ে এখন তাঁরা মুখে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন। এটাই তো আমাদের কৃতিত্ব।’ ব্যক্তিস্বার্থে তাঁদের দলে ভেড়ানোর অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের শক্তি ও ভোটার বাড়ানোর জন্যই তাঁদের দলে নেওয়া হচ্ছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ব্যাপারে সাংসদ বলেন, তাঁরা পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন। এ জন্য তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আওয়ামী লীগে তাঁদের কোনো বৈধতা নেই।