নাশকতার মামলায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ
ছবি: সংগৃহীত

নাশকতার মামলায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে জেলা দায়রা জজ এস এম জিয়াউর রহমান জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। আদালতের পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় চাঁদপুর শহরের বকুলতলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ও রেললাইন ক্ষতিগ্রস্ত করেন। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

এ ঘটনায় তৎকালীন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ সেলিমসহ ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে নাশকতার মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম। পরবর্তী সময়ে আসামিরা জামিনে মুক্তি পান।

শেখ ফরিদের আইনজীবী মোস্তফা কামাল বলেন, ওই নাশকতার মামলায় প্রথমে বিএনপির নেতা শেখ ফরিদের নাম ছিল না। পরবর্তী সময়ে আসামির তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। আজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।