নাশকতার মামলায় রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি মো. এমাজ উদ্দিন মণ্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার পবা থানার একটি নাশকতা মামলার পলাতক আসামি হিসেবে গতকাল শুক্রবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। আজ শনিবার দুপুরে পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার এমাজ উদ্দিন মণ্ডল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের সিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি রাজশাহী নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল থেকে আজ সকাল সোয়া ১০টা পর্যন্ত মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া মোড় থেকে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামি মহানগর জামায়াতের সেক্রেটারি মো. এমাজ উদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার এমাজ উদ্দিন ও তাঁর অন্য সহযোগীরা সরকারবিরোধী অপপ্রচারসহ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করেছেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকাণ্ড, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দাঙ্গা-হাঙ্গামার ৩৫টি মামলা আদালতে বিচারাধীন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে।
মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেন, রাজশাহী মহানগরকে অপরাধমুক্ত ও সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড নির্মূল করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।