নাসিরনগরে আতঙ্ক, আবারও বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পরিস্থিতি এখনো থমথমে। গতকাল শনিবার সন্ধ্যায় আবারও একটি বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হলে নতুন করে আতঙ্ক তৈরি হয়। এদিকে গত ৩০ অক্টোবরের হামলার ঘটনায় করা দুটি মামলায় শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবদলের এক নেতাসহ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৪৪।
কাল সন্ধ্যায় আগুন দেওয়ার চেষ্টা করা হয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেবের বাড়িতে। তিনি প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদ কার্যালয়ে বৈঠক করার সময় বাড়ির লোকজন আমাকে জানায়, বাড়ির পশ্চিম ভিটার বারান্দায় থাকা পাটকাঠির স্তূপে কে বা কারা আগুন দিয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
নাসিরনগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘দুর্বৃত্তরা ভীতি ছড়ানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা ঘটনাস্থলে আছি। আগুন নেভানো হয়েছে।’
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়িতে হামলা করা হয় ৩০ অক্টোবর। এর পাঁচ দিন পর বৃহস্পতিবার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়।
এরপর পুলিশি নিরাপত্তা জোরদার করা হলেও একই এলাকায় আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফলে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল জ্যোতি দত্ত বলেন, ‘একের পর এক এ ধরনের ঘটনা ঘটতে থাকায় আমরা চিন্তিত। নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।’ তবে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ চন্দ্র দেব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে। প্রশাসনের ওপর তাঁদের আস্থা আছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, প্রথমে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য এবং ঘটনার দিনের বিভিন্ন ভিডিওচিত্র দেখে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা জোরদার করার জন্য এলাকায় তিন শতাধিক পুলিশ সদস্য এবং দুই প্লাটুন করে র্যাব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে সর্বশেষ গ্রেপ্তার ৩৩ জনের মধ্যে জুয়েল রানা উপজেলার সদর ইউনিয়ন শাখা যুবদলের যুগ্ম সম্পাদক। উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তবে জুয়েল রানার স্ত্রী রাশিদা আক্তারের দাবি, মিহির দেবনাথ নামের এক ব্যক্তির সোনার দোকানেও হামলা হয়। সে সময় হামলাকারীদের হাত থেকে দোকানটি রক্ষা করেন তাঁর স্বামী। অথচ পুলিশ তাঁকে হামলাকারী হিসেবে গ্রেপ্তার করেছে।
সর্বশেষ খবরে জানা যায়, উপজেলার কুণ্ডা ইউনিয়নের বিটুই গ্রামের জামে মসজিদের ভেতর থেকে গতকাল ভোরে একটি প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। ওসি আবু জাফর বলেন, গ্রামবাসীর দেওয়া খবরের ভিত্তিতে ওই জামে মসজিদ থেকে দুই ফুট উচ্চতার একটি লক্ষ্মী প্রতিমা উদ্ধার করা হয়েছে।
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর, সম্পাদক কাজী মুকুল, উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, জেলা কমিটির সভাপতি জয়দুল হোসেন এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি অ্যারোমা দত্ত গতকাল নাসিরনগরে ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়িগুলো পরিদর্শন করেন।
শাহরিয়ার কবীর প্রথম আলোকে বলেন, নাসিরনগরের ঘটনা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এ জন্য শুধু ওসিকে প্রত্যাহার করলেই চলবে না; ওসি এবং ইউএনওকে শাস্তিও পেতে হবে। ভবিষ্যতে কোনো কর্মকর্তা কোনো সমাবেশে যাতে বক্তৃতা করতে না পারেন, সেটাও দেখতে হবে। তিনি বলেন, যে যুবকের ফেসবুক প্রোফাইল থেকে উসকানিমূলক ছবি পোস্ট করার অভিযোগ করা হয়েছে, সেই রসরাজ দাস ঘটনার শিকার। তিনি লেখাপড়া জানেন না। কে বা কারা তাঁর ফেসবুক থেকে এমন ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে।