নাসিরনগরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া প্রবাসীর করোনা ছিল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জ্বর, শ্বাসকষ্ট, কাশি নিয়ে মারা যাওয়া মালয়েশিয়াপ্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ৭ এপ্রিল ওই ব্যক্তি (৩৭) মারা যাওয়ার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ রোববার পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ আসে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ।
নিহত ব্যক্তি উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বাসিন্দা। গত ১৮ মার্চ তিনি মালয়েশিয়া থেকে দেশে আসেন। ২০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। এরপর তিনি একই উপজেলার অন্য গ্রামে শ্বশুরবাড়িতে চলে যান।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই প্রবাসী ৪ এপ্রিল শরীরে জ্বর নিয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম তাঁকে রক্তের পরীক্ষার করতে বলেন। পরীক্ষার পর রক্তে টাইফয়েডের জীবাণু ধরা পড়ে। এরপর আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরামর্শ দিলেও তিনি বাড়িতে থেকেই চিকিৎসা চালানোর কথা জানিয়ে শ্বশুরবাড়ি চলে যান। কিন্তু ৬ এপ্রিল রাতেই অতিমাত্রায় জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরিবারের লোকজন আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি দ্রুত প্রবাসীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরামর্শ দেন। এরপরও পরিবারের লোকজন তা কানে তোলেননি।
অবস্থার অবনতি হলে পরদিন ৭ এপ্রিল রাতে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে প্রবাসীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য রওনা দেন তাঁর স্ত্রী, শ্যালিকা, শাশুড়ি ও শ্বশুর। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পরীক্ষার-নিরীক্ষা করে রাত আটটার দিকে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন।
এদিকে মৃত্যুর সংবাদ শোনার পরপর অটোরিকশা চালক ও নিহতের শ্বশুর-শাশুড়ি গা ঢাকা দেন। নিহতের স্ত্রী ও শ্যালিকা ছাড়া লাশের পাশে কেউ ছিলেন না। সে সময় লাশ নিয়ে বিপাকে পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শেষ পর্যন্ত নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন এগিয়ে এলে রাতে উপজেলা পরিষদের সামনে জানাজা শেষে বিশেষ ব্যবস্থায় নিজ গ্রামে লাশ দাফন করা হয়। পরে উপজেলা প্রশাসন নিহতের বাড়ি ও গ্রাম এবং শ্বশুরবাড়ির গ্রামকে লকডাউন ঘোষণা করে। পাশাপাশি উপজেলার দুটি ইউনিয়নের মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায় প্রথম আলোকে বলেন, সর্বশেষ ওই প্রবাসীর শরীরের ১০৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায়। শুরু থেকেই পরিবারের লোকজন অনেক কিছু লুকানোর চেষ্টা করেছিলেন। নিহতকে চিকিৎসা দেওয়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁরা আলোচনায় বসেছেন।
জেলার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, নাসিরনগরে মারা যাওয়া ওই মালয়েশিয়াপ্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।